নতুন বছরে বাংলা ব্যান্ডের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের গোড়ার দিকে নিজেদের তৃতীয় অ্যালবাম বাজারে আনার পরিকল্পনা করছে বাংলা ব্যান্ডের সদস্যরা। এখন কাজ হচ্ছে সেভাবেই। প্রায় প্রতিদিন সন্ধ্যার পর ব্যান্ডের অন্যতম সদস্য বুনোর ধুন (গানের কারখানা) স্টুডিওতে জড়ো হচ্ছে সবাই। এখানে গানচর্চার পাশাপাশি চলছে রেকর্ডিংয়ের কাজও। বাংলা ব্যান্ডের নতুন অ্যালবাম প্রকাশের কথা এভাবেই জানালেন আনুশেহ।তিনি জানান, বাংলার নতুন অ্যালবামে থাকছে চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদের লেখা গান। এর সুর করেছেন শাহ আলম বয়াতি। আনুশেহ বললেন, ‘তারেক মাসুদ আমাদের জন্য অনেক গান লিখেছেন। সেসব থেকে এবার দুটি গান থাকবে নতুন অ্যালবামে। পরের অ্যালবামে আরও কিছু গান থাকবে।’আর কী থাকছে এবারের অ্যালবামে? আনুশেহ বললেন, লালনের গান তো অবশ্যই থাকছে। এ ছাড়া এবার মৌলিক কিছু গানও থাকবে। তবে তা হবে লোক ধাঁচের।অ্যালবামের বেশির ভাগ গানই এর আগে বিভিন্ন কনসার্টে গেয়েছেন বাংলার সদস্যরা। আনুশেহ বললেন, ‘অনেক দিন তো অ্যালবামের কাজ করা হয়নি। তাই অনেক গান জমে গেছে। এর মধ্য থেকে আমরা অ্যালবামের গানগুলো চূড়ান্ত করছি।’এবারের অ্যালবামটি নিয়ে একটু নিরীক্ষার কথা জানালেন আনুশেহ। সেটা কী রকম? আনুশেহর মতে, ‘গানগুলো স্টুডিওতে সরাসরি ধারণ করা হচ্ছে। কোনো একটি যন্ত্র কিংবা কণ্ঠ এককভাবে থাকছে না। সব একসঙ্গে। তার মানে, গানগুলোতে সরাসরি ধারণের (লাইভ রেকর্ডিং) স্বাদ পাবেন শ্রোতারা। বুনোর স্টুডিওতে সেই সুবিধা রয়েছে।’জানা গেছে, কোনো সমস্যা তৈরি না হলে মার্চ মাসেই শ্রোতারা হাতে পাবে বাংলার নতুন অ্যালবাম।