নতুন বছরে বিয়ে করছেন শফিক তুহিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিক তুহিন
শফিক তুহিন

একাকিত্বের অবসান ঘটাতে যাচ্ছেন গীতিকার, গায়ক ও সংগীত পরিচালক শফিক তুহিন। ‘প্রথম আলো’র সঙ্গে আলাপকালে জানিয়েছেন, ‘নতুন বছরেই বিয়ের কাজটি সেরে ফেলতে চাই। অনেক দিন তো একাকী জীবন কাটালাম। এবার একটু সংসারে মনোযোগ দিতে চাই। পরিবার থেকেও বিয়ের জন্য চাপ দিচ্ছে। মাঝে গানের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে বিয়ে নিয়ে ভাবা সম্ভব হয়নি।’
এদিকে নতুন বছরে আরও কি প্রত্যাশা করছেন জানতে চাইলে শফিক তুহিন বলেন, ‘২০১৩ সালে আমার প্রাপ্তি নিয়ে অনেক বেশি সন্তুষ্ট আমি। তাই ২০১৩ সালের প্রাপ্তি নিয়ে নতুন বছরে চলচ্চিত্রে আরও ভালো মানের কিছু কাজ করতে চাই।’
গানের বাজারের এখনকার অবস্থা খুব একটা ভালো নয়। কিন্তু তার পরও বেশ খোশমেজাজে শফিক তুহিন। তিনি বলেন, ‘১৩ সংখ্যাটিকে আনলাকি বলে জানতাম। অথচ আমার বেলায় এই ২০১৩ সালটি সত্যি অনেক লাকি। এ বছরই আমি সংগীতের দীর্ঘ পথচলায় পূর্ণতা পেয়েছি। কাজের পরিধি বেড়েছে, দুটি বড় স্বীকৃতিও পেয়েছি। সবই আসলে সৃষ্টি কর্তার ইচ্ছা।’
২০১৩ সালে শফিক তুহিন অর্জন করেছেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তৃতীয়বারের মতো সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার। এ বছরেই শুরু করেছেন চলচ্চিত্রে সংগীত পরিচালনার কাজও।
শফিক তুহিনের সংগীতের ক্যারিয়ার প্রায় এক যুগের। শুরুর দিকে গীতিকবি হিসেবে কাজ করলেও চলতি সময়ে তিনি একাধারে গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হিসেবে সফলতা দেখিয়েছেন। এ বছর শফিক তুহিন ‘অন্য রকম ভালোবাসা’, ‘পোড়ামন’ ও ‘তবুও ভালোবাসি’ ছবিগুলোর সংগীত পরিচালনা করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে আরও দুই আলোচিত ছবি ‘অগ্নি’ এবং ‘দবির সাহেবের সংসার’।
সম্প্রতি ‘ময়নামতি’ ও ‘মনের মত মানুষ পেলাম না’ ছবির টাইটেল গানসহ কুমার বিশ্বজিত্ এর একক অ্যালবামে এবং ইরিন জামানের অ্যালবামে দুটি করে গান রচনা ও সুর করেছেন শফিক তুহিন।