নতুন বছরে ব্ল্যাকের অ্যালবাম
নতুন বছরের প্রথম মাসেই আসছে ব্ল্যাকের নতুন অ্যালবাম। ব্যান্ডের মতো অ্যালবামটির নামও ব্ল্যাক। এটি ব্ল্যাকের চতুর্থ অ্যালবাম। এবার তারা বিশ্বকাপ ক্রিকেটের ওপর একটি গান তৈরি করেছে। নতুন অ্যালবামেও থাকছে এই গানটি। ব্ল্যাকের অন্য তিনটি অ্যালবামের প্রতিটির মধ্যেই ছিল দুই বছর সময়। কিন্তু চতুর্থটি বের হচ্ছে তিন বছর পর। নতুন অ্যালবামের প্রচারণা প্রসঙ্গে ব্ল্যাকের অন্যতম সদস্য জাহান বললেন, ‘এবার আমরা কনসার্ট ও এফএম রেডিওর মাধ্যমে গানগুলো শ্রোতাদের কাছে তুলে ধরার পরিকল্পনা করেছি।’ব্ল্যাকের কণ্ঠশিল্পী জন এই অ্যালবামে লিড গিটার বাজিয়েছেন। পাশাপাশি গানও লিখেছেন। ব্যান্ডে যুক্ত হয়েছে নতুন মুখ টিটু। তিনি বেস গিটার বাজাচ্ছেন। অ্যালবামের গানের সংখ্যা ১২টি। বেশির ভাগ গানই লিখেছেন ইমন জুবায়ের।আর এটি বাজারে আনছে জি সিরিজ। জাহান জানান, অ্যালবামটির সঙ্গে শ্রোতাদের জন্য একটি চমক রাখার পরিকল্পনা করেছেন তাঁরা।