নতুন বছরে যা করবেন তাঁরা
নতুন বছর নিয়ে নতুন সব পরিকল্পনা থাকে সবার। টেলিভিশন, মঞ্চ ও বড় পর্দার ব্যস্ত কজন তারকার পরিকল্পনার কথা জানতে চেয়েছিলাম আমরা। শুধু কাজের ক্ষেত্রেই নয়, অনেকে ব্যক্তিগত জীবনের পরিবর্তনের কথা জানিয়েছেন। পাঠকের জন্য সেসবের কিছুটা তুলে ধরা হলো।

ভালো গল্পের সিনেমায় অভিনয় করার ইচ্ছা
চঞ্চল চৌধুরী, অভিনয়শিল্পী
প্রতিবছরই আমার পরিকল্পনা থাকে ভালো গল্পের সিনেমায় অভিনয় করার। ভালো গল্পের সিনেমা বলতে মনপুরা বা আয়নাবাজি আমার পছন্দ। সামনে এ ধরনের আরও সিনেমায় কাজ করার ইচ্ছা আছে। এ ছাড়া নাটকে অভিনয়ের ক্ষেত্রে সব সময়ই ভালো চিত্রনাট্য ও চরিত্রের কথা মাথায় রাখি, পছন্দ না হলে করি না। এবারও ব্যতিক্রম হবে না। আর গত বছর আমাদের এই মাধ্যম নিয়ে যেসব আন্দোলন হয়েছে, তার প্রতিফলন ঘটবে এবং ভালো কিছু হবে, এটা আমার বিশ্বাস।

প্রস্তুতি চলছে নতুন একটি নৃত্যনাট্যের
ওয়ার্দা রিহ্যাব, নৃত্যশিল্পী
২০১৬ সালে অনেক ট্যুর করেছি, নাচ করতে গিয়েছি। এ বছরও করব। সবচেয়ে বড় পরিকল্পনা হলো, কিছুদিন আগে চর্যানৃত্যের একটি কর্মশালা শুরু করেছি। কর্মশালা শেষে এ বছর আমার নির্দেশনায় চর্যানৃত্যের ওপর একটি নৃত্যনাট্য মঞ্চস্থ করার পরিকল্পনা আছে।

ধারাবাহিকতা ধরে রাখতে চাই
তাহসান, সংগীতশিল্পী
গত বছর বেশ কিছু ভালো কাজ করা হয়েছে। শ্রোতারাও বেশ আগ্রহ নিয়ে সেই কাজগুলো গ্রহণ করেছেন। নতুন বছরেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। কিছু বড় পরিকল্পনা আছে। তবে এই মুহূর্তে সেসব পরিকল্পনার কথা বলতে চাই না, বাস্তবায়ন করে দেখাতে চাই। যখনই করব, তখন তো সবাই এমনিতে জেনে যাবেন। মানুষের জীবনটা ছোট্ট, তাই এই ছোট্ট জীবনে বড় স্বপ্ন পূরণ না-ও হতে পারে। তাই আগেভাগে বলা ঠিক হবে না। নতুন বছরে সবার জীবন ভালো থাকুক, মঙ্গলময় হোক—এই শুভকামনা।

‘কোয়ালিটি’র ব্যাপারটা মাথায় রাখব
নুসরাত ফারিয়া, অভিনয়শিল্পী
নতুন বছরের ভালোবাসা দিবস, পয়লা বৈশাখ ও ঈদে আমার তিনটি ছবি মুক্তি পাবে। বছরের উৎসবমুখর সময়গুলোতে দর্শকের কাছে উপস্থিত থাকব। এটা আমার জন্য আনন্দের। নতুন ছবিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে ‘কোয়ান্টিটি’ নয়, ‘কোয়ালিটি’র ব্যাপারটা মাথায় রাখব। আপাতত এই হচ্ছে চিন্তাভাবনা।

ব্যায়ামাগারে ভর্তি হব
সাবিলা নূর, অভিনয়শিল্পী
এ বছরটি আমার পরীক্ষা-নিরীক্ষায় কাটবে। সেটা আমার অভিনয়ের চরিত্র হতে পারে, হতে পারে আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত। আর নতুন বছরের প্রথম দিনই জিম (ব্যায়াম) করা শুরু করব। ২০১৬ সালে আমার ভ্রমণ করা হয়নি একদমই। এ বছর সেটা করব। নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হব, এটাই আপাতত ইচ্ছা।

মঞ্চেই সময় দেব
শামছি আরা, অভিনয়শিল্পী
নতুন বছরে পরিকল্পনা একটাই, আমার একক নাটক গহনযাত্রা নিয়ে সারা বছর প্রদর্শনী করার ইচ্ছা আছে। দেশের বিভিন্ন জায়গায় ও দেশের বাইরে যাওয়ার চেষ্টা করব। মঞ্চ অভিনয়ের মূল জায়গা। এই জায়গাটা পাকা না হলে সমস্যা। তাই নতুন বছরে অন্যদিকে আর নজর দিচ্ছি না। তা ছাড়া দলের নাটক নিয়েও ব্যস্ত থাকব। মঞ্চকে ঘিরে বর্তমান নাটকগুলোকেই সময় দেব।