নতুন বছরের যাত্রা চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছর ভালোই যাবে ভেবেছিলেন যাত্রাদলের মালিকেরা। দল গঠনেও ছিল অনেকটা নতুনত্ব। কয়েকটি দলে নতুন পালাও নামানো হয়। পেশাদার দলের মতো করে কয়েকটি ধর্মীয় যাত্রাদলেরও আত্মপ্রকাশ ঘটে নতুন বছরে। শুরুতেই পালা প্রদর্শনে নামে নওগাঁর তাজমহল অপেরা, গাইবান্ধার পদ্মা অপেরা, গাজীপুরের ববী অপেরা, নেত্রকোনার বন্ধন অপেরা, যশোরের আনন্দ অপেরা, বরিশালের রংধনু অপেরা, খুলনার শুভযাত্রা ইউনিট ও মোসলেম উদ্দিন মানিক যাত্রা সম্প্রদায়। 

এ ছাড়া ঢাকার স্বাধীন বাংলা নাট্যগোষ্ঠী এ বছর থেকে পুরোপুরি পেশাদার হিসেবে অন্যান্য দলের মতো অভিনয় করে যাচ্ছে। সম্প্রতি এসব দলের মঞ্চায়ন শেষ হয়েছে যেসব প্যান্ডেল থেকে তা হচ্ছে নওগাঁর আত্রাই থেকে তাজমহল অপেরা, জেলার সুতিরহাট থেকে ববী অপেরা, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার শবদলপুর প্যান্ডেল থেকে পদ্মা অপেরা, ঢাকা জেলার দোহার থেকে আনন্দ অপেরা। অপরদিকে নেত্রকোনার আশু বুরা বাজারে বন্ধন যাত্রা ইউনিট সাত পালা গানের পর বসে আছে দ্বিতীয় অনুমতির অপেক্ষায়। রংধনু অপেরা গান শেষে বসা আছে রাজবাড়ি জেলার কদমবাড়িতে। শুভযাত্রা ইউনিট ধর্মীয় পালা শেষ করেছে কালীগঞ্জ প্যান্ডেলে। মোসলেম উদ্দিন মানিক যাত্রা সম্প্রদায়-এর ধর্মীয় পালা গান শেষ হয়েছে খুলনার সুন্দরমহল যাত্রার আসর থেকে। স্বাধীন বাংলা নাট্যগোষ্ঠীর শেষ মঞ্চায়ন গেছে শ্রীমঙ্গলের লছনা চা-বাগানে।
বন্ধন যাত্রা ইউনিটের সংগঠক আবদুল জলিল বাবু জানান, নতুন নতুন ভাবনা আর পরিকল্পনায় এ বছর মালিকেরা দল গঠন করেও বায়না পাচ্ছেন না। মালিকেরা যে আশা নিয়ে নতুন বছরে প্রযোজনায় নেমেছিলেন তা পূরণ হচ্ছে না। দেশে যাত্রাগানের সহজ অনুমতি না পাওয়ার কারণে অধিকাংশ দলকেই বসে থাকতে হচ্ছে।