নতুন বছরের শুরুতে নাট্যোৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের তিন দশক এবং ডেইলি স্টার পত্রিকার ২০ বছর পূর্তি উপলক্ষে যৌথভাবে এই নাট্যেৎসবের আয়োজন করা হয়েছে।উৎসব কমিটির উপদেষ্টা ঝুনা চৌধুরী ও সদস্য সচিব আহমেদ গিয়াস জানান, ২৫ জানুয়ারি বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় উৎসবের উদ্বোধন করা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে অংশ নিচ্ছে ঢাকার ২১টি নাটকের দল। এগুলোর মধ্যে রয়েছে থিয়েটার আরামবাগ, থিয়েটার বেইলী রোড, আরণ্যক নাট্যদল, ঢাকা থিয়েটার, নাগরিক নাট্যসম্প্রদায়, সুবচন নাট্য সংসদ, সময়, প্রাঙ্গণে মোর, লোকনাট্যদল (সিদ্ধেশ্বরী), লোকনাট্যদল (বনানী), নাট্যকেন্দ্র, নাট্যচক্র, থিয়েটার আর্ট ইউনিট, দেশ নাটক ও শব্দ নাট্যচর্চা কেন্দ্র। প্রতিদিন সন্ধ্যায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটারে নাটকের প্রদর্শনী হবে। জাতীয় নাট্যশালার উন্মুক্ত স্থানে থাকবে বাউল গানের আয়োজন।বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকি বললেন, ‘আমাদের থিয়েটারে এই মুহূর্তে পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে। এবার ডেইলি স্টার মঞ্চ নাটকের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে। এটা উল্লেখযোগ্য ঘটনা। আমরা আশা করছি, পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের গ্রুপ থিয়েটার অন্যরকম একটি সংগঠন হিসেবে সামনের দিনগুলোতে ভূমিকা রাখবে।’