নতুন ববি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ববি। ছবি: খালেদ সরকার
ববি। ছবি: খালেদ সরকার

‘সালমান শাহ স্মৃতি পুরস্কার পেলাম, আমি খুবই খুশি। আফসোস হচ্ছে, আমাদের প্রজন্মের কেউ তাঁর সঙ্গে অভিনয় করার সুযোগ পাইনি।’ বললেন ববি। ববির সঙ্গে দেখা হলো বিএফডিসির প্রাঙ্গণে। কিছুক্ষণ আগে সালমান শাহর মায়ের হাত থেকে পুরস্কার নিয়েছেন তিনি।
১৯ সেপ্টেম্বর চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির কার্যালয়ের সামনে তৈরি মঞ্চে প্রয়াত এই চিত্রনায়কের জন্মদিন উপলক্ষে সালমান শাহ স্মৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। মঞ্চের সামনে সালমান শাহর অসংখ্য ভক্ত। মঞ্চ থেকে নেমে আসার পর ববির মুখে হাসি।
ঘড়িতে তখন রাত নয়টা। ববির সঙ্গে কথা হলো চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির কার্যালয়ে। ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান-অপু বিশ্বাস-ববি অভিনীত রাজা বাবু ছবিটি। এরই মধ্যে ছবিটি ব্যবসায়িক দিক থেকে সাফল্য পেয়েছে। আলোচনার শুরুতেই রাজা বাবু ছবির প্রসঙ্গ। ববি বলেন, ঈদে মুক্তি দেওয়া হবে, এমনটা ভেবেই ছবিটি তৈরি করা হয়। রোমান্টিক-কমেডি ধাঁচের গল্প।
গত বছর ঈদে হিরো দ্য সুপারস্টার ছবিটি ব্যবসায়িক দিক থেকে সফল হয়। তাই এই ছবির তিন শিল্পীকে নিয়েই আবার রাজা বাবু তৈরি হয়েছে? ববি বললেন, ‘বিষয়টি ঠিক তা নয়। গল্পের প্রয়োজনে আমাদের নেওয়া হয়েছে। একদিন পরিচালক বদিউল আলম খোকন আমাকে বললেন, ‘ঈদের জন্য একটি ভালো গল্প পেয়েছি। তোমাদের তিনজনকেই লাগবে।’
রাজা বাবু ছবির সাফল্য নিয়ে ববি যতটা খুশি, তার চেয়ে অনেক খুশি নিজের আরেকটি খবর নিয়ে। আন্তর্জাতিক প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে অভিনয় করছেন ববি। প্রযোজনা করছে যুক্তরাজ্যের কেবি পিকচার্স ও ট্রাইটন ফিল্ম প্রোডাকশনস। নাম মাল্টা। ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ছবিতে ববির বিপরীতে অভিনয় কে করছেন জানেন? বলিউডের অভিনেতা ভাটসাল শেঠ। পুরো ব্যাপারটি নিয়ে ববি দারুণ রোমাঞ্চিত। বললেন, ‘অনেক বড় একটা কাজ করতে যাচ্ছি।’
মাল্টা ছবির গল্প সমুদ্রঘেরা দ্বীপরাষ্ট্র মাল্টার মানুষের জীবন নিয়ে। এখন ছবির শুটিং হচ্ছে মাল্টাতেই। ববি সেখানে থাকবেন টানা এক মাস। মাল্টার শুটিং শেষে ওখানেই আরেকটি ছবির শুটিং হবে। ছবির নাম তখনো চূড়ান্ত হয়নি। ববি বলেন, ‘এ ছবিটি বাংলাদেশের। পরিচালকের নাম আদি। দুটি ছবির কাজ শেষ করে দেশে ফিরব।’
মাল্টা ছবিতে কাজের সুযোগ হলো কীভাবে? এ বি বললেন, ‘যুক্তরাজ্যের আরেকটি ছবিতে অভিনয়ের কথা ছিল। পরে কাজটি আর হয়নি। এরপর মাল্টায় কাজ করার সুযোগ পেয়েছি। প্রযোজনা প্রতিষ্ঠান আর পরিচালক আমার অভিনীত বিভিন্ন ছবির ট্রেলার আর গান ইউটিউবে দেখে আমাকে চূড়ান্ত করেছেন।’
ভাটসাল শেঠের বিপরীতে অভিনয় করবেন, তাই ববির মনের মাঝে ভয়ও কাজ করছে। ববি বলেন, ‘বলিউডের শিল্পীরা অভিনয়, নাচ, অ্যাকশন—সবদিকে দিয়েই দক্ষ। তাঁরা চর্চার মধ্য দিয়ে বড় হয়। আমাদের এখানে তা নেই।’
ববি সেদিন জানিয়েছিলেন, মাল্টা ছবিতে কাজ করার জন্য সব ধরনের প্রস্তুতি তিনি নিয়েছেন।
এরই মধ্যে নিজেই প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন ববি। নাম বব-স্টার। বছর খানেক আগে এই প্রতিষ্ঠান থেকে রক্ষা নামে একটি ছবি তৈরির ঘোষণা দেন ববি। এরপর প্রেমলীলা নামে আরেকটি ছবি তৈরির ঘোষণা আসে একই প্রতিষ্ঠান থেকে। রক্ষা ছবির পরিচালক ইফতেখার চৌধুরী আর প্রেমলীলা শামীম আহমেদ রনি। দুটি ছবির কাজ কবে শুরু হবে? ববি বললেন, ‘প্রেমলীলা ছবির কাজ আগে শুরু হবে। ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। মাল্টায় দুটি ছবির কাজ শেষ করেই প্রেমলীলার কাজ শুরু করব।’
এখন ঢাকাই চলচ্চিত্রে বিনিয়োগ কতটা লাভজনক? ববি বলেন, ‘যথাযথ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে লোকসান হওয়ার সুযোগ নেই। আমি কিন্তু সেই পথে এগোচ্ছি।’
ততক্ষণে বিএফডিসির স্টুডিওগুলোর আলো নিভতে শুরু করেছে। বিএফডিসির আঙিনায় কোনো কোলাহল নেই। এবার বাসায় ফিরতে হবে। আড্ডা শেষ। ববির সামনে এখন দীর্ঘ পথ। এই পথ সফলভাবে পাড়ি দেওয়ার স্বপ্ন তাঁর চোখেমুখে।