
‘রুস্তঅঅম! তোকে আমি ছাড়ব না! তুই আমার বাবাকে মেরেছিস (ঢিসুম), তুই আমার বোনকে মেরেছিস (ঢুসুম)...’
না, এ ধরনের সংলাপ কিস্তিমাত ছবিতে নেই। তবে থাকতে পারত অনায়েসেই। ছবির গল্পটা ছোট করে বলে দিলেই বুঝবেন, এমন কাহিনি বাংলা ছবিতে চর্বিতচর্বণ। দুর্ধর্ষ পুলিশ অফিসার নায়ক, প্রতিবেশী নায়িকা, বহু বছর (কত বছর, ছবিতে তার উল্লেখ নেই। তবে বাংলা সিনেমার চিরায়ত ফর্মুলা অনুযায়ী ২০ বছর হওয়ার কথা!) আগে হারিয়ে যাওয়া মা-বোনকে আবার খঁুজে পাওয়া, অতঃপর পিতৃহত্যার প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়া...সেই পুরোনো রেসিপি। তবু, হলে গিয়ে এই ছবি না দেখাটা নিঃসন্দেহে ভুল হবে। চমৎকার ক্যামেরার কাজ, দারুণ কস্টিউম, দুর্দান্ত অ্যাকশন, রং সম্পাদনার খেল, ড্রোন ক্যামেরায় ধারণ করা চোখ জুড়ানো দৃশ্য, সুন্দর গান—এসব মিস করবেন কেন?
কিস্তিমাত দিয়ে সত্যিই কিস্তিমাত করেছেন আরিফিন শুভ। ‘স্টাইলিশ’ নায়ক হিসেবে তিনি জায়গা করে নিতেই পারেন। মাথায় জ্যাকেটের হুডি টেনে পুলিশ অফিসার দুর্জয় (আরিফিন শুভ) যখন শান্ত ভঙ্গিতে বললেন, ‘বুম!’; সঙ্গে সঙ্গে পেছনে বোমার বিস্ফোরণ। এমন দৃশ্যগুলোয়ও তাকে বেশ মানিয়েছে। নায়িকা আঁচলও গল্পের সঙ্গে মানানসই। কিস্তিমাত দেখতে বসে আবারও মনে হলো, ভিলেন চরিত্রে মিশা সওদাগর অপ্রতিদ্বন্দ্বী। শেষ দৃশ্যে সাদা ধবধবা শার্টে তাঁকে দারুণ লাগছিল। ঢাকাই চলচ্চিত্রের ‘ফমুর্লা’ অনুযায়ী ছবিতে বৃষ্টিভেজা গানের দৃশ্য না থাকলেও, কয়েকটি বৃষ্টিভেজা মারামারির দৃশ্য আছে। নির্মাণশৈলীর মুনশিয়ানার কারণেই এই দৃশ্যগুলো নড়েচড়ে বসে দেখার মতো। ছোটখাটো অ্যানিমেশন সহযোগে অ্যাকশন দৃশ্যগুলো চমৎকার, শুধু একটা জায়গা দর্শক মনে হলো কিছুটা ভিরমি খেলেন। ছবির একপর্যায়ে নায়ক-নায়িকা একসঙ্গে গুন্ডাদের দিকে গুলি ছুড়ছিলেন। মারামারির মাঝখানেই চলছিল তাদের ‘প্রেমময়’ কথোপোকথন। তাই বলে কোনো রকম পূর্বাভাস ছাড়াই কল্পনায় তারা গান গাইতে শুরু করল! এমন ঘটনাকে আপনি ‘বৈচিত্র্য’ না ‘বিচিত্র’ বলবেন, সেটি আপনার বিবেচনা।
ছবির পরিচালক আশিকুর রহমান। ‘চার ছক্কা হই হই’ গানটির মিউজিক ভিডিওর নির্মাতা তিনি। তাঁর পরিচালনার দক্ষতা নিয়ে কোনো সন্দেহ ছিল না। হ্যাঁ, নির্মানণশৈলীর দিক থেকে তিনি হতাশও করেননি। কিন্তু গল্প তৈরির ক্ষেত্রে এতটা ‘সাবধানী’ কেন? ছবি শেষে হাততালিটা আরও দীর্ঘায়িত করা যেত, যদি না তামিল আর হিন্দি ছবি থেকে কিছু কিছু অংশ ‘টুকলিফাই’ করতেন। দায়টা অবশ্য চিত্রনাট্যকারের ঘাড়েও চাপানো যায়। তবু, এই তরুণ পরিচালকের কাছে প্রত্যাশাটা সত্যিই আরও বেশি ছিল।