নতুন ব্যান্ড সিম্পোনিয়াম
জাকিউর রহমান পেশায় চিকিৎসক, ছিলেন জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য। রুমি রহমান ড্রামার ও কম্পোজার। মারফি চাকরিজীবী। রুবায়েত পড়ালেখা করছেন। রাসেল গিটার শিক্ষক। শাফায়েত পিয়ানিস্ট ও কম্পোজার। আর লুশা মির্জা ভাষাতত্ত্বের ওপর দেশের বাইরে থেকে পড়াশোনা শেষ করেছেন, গান-বাজনার সঙ্গেও জড়িত। এবার তাঁরা সবাই মিলে একটি ব্যান্ড গড়লেন। নাম সিম্পোনিয়াম।মাস ছয়েক আগে প্রতিষ্ঠিত হওয়া ‘সিম্পোনিয়াম’ ব্যান্ডটি এরই মধ্যে ঢাকার বেশ কয়েকটি স্থানে গান করেছে। ইংরেজি নতুন বছর ও ভালোবাসা দিবসের এসব অনুষ্ঠানে সিম্পোনিয়াম ব্যান্ডের পরিবেশনায় দেশ-বিদেশের জনপ্রিয় ব্যান্ডের গানগুলো শ্রোতাদের কাছে নতুনভাবে ভালো লাগা তৈরি করছে। এবিসি রেডিওতেও করেছে একক গানের অনুষ্ঠান।এই তো কিছুদিন আগে সিম্পোনিয়াম ব্যান্ড গান করে ঢাকার গুলশানের দি এইট রেস্টুরেন্টে। অ্যানেক্স কমিউনিকেশন্স লিমিটেডের আয়োজনে পুরো অনুষ্ঠানটি ছিল পরিচিতজনদের সম্মানে। দেশ-বিদেশের বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গানে সেদিন রেস্টুরেন্টে আসা অতিথিরা অন্য রকম ভালো লাগা নিয়ে ফিরে যান। সিম্পোনিয়াম ব্যান্ডের পরিবেশনায় সেদিন ষাটের দশক থেকে শুরু করে বিংশ শতাব্দীর জনপ্রিয় গানগুলো সবার কাছে নতুন এক মাত্রা পায়। অনুষ্ঠানস্থলে কথা হয় সিম্পোনিয়াম ব্যান্ডের সদস্যদের সঙ্গে। জানালেন ব্যান্ড গঠনের পাশাপাশি নিজেদের ভাবনার কথাও।সিম্পোনিয়াম ব্যান্ড আপাতত ষাটের দশক থেকে বিংশ শতাব্দী পর্যন্ত যেসব গান অনেক বেশি জনপ্রিয় হয়েছে, সেগুলোই করবে। কাভার মিউজিকের হারানো শ্রোতাদের ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য। পাশাপাশি নিজেদের বাংলা গানের পূর্ণাঙ্গ অ্যালবাম করার কথাও ভেবেছে তারা।শুরুতেই সিম্পোনিয়াম ব্যান্ডের অন্যতম সদস্য জাকিউর রহমান বলেন, ‘চিকিৎসা পেশায় ব্যস্ত থাকলে আমি কখনো গান থেকে সরে যাইনি। ১৯৯০ সালে যখন দেশে ফিরি, তখন সেলিম হায়দার, ফোয়াদ নাসের বাবু ও আমি মিলে ১০টি গান রেকর্ড করি। বছর খানেক আগে পরিচিত ব্যক্তিদের মধ্যে আড্ডায় চিন্তা করলাম সাউন্ড নিয়ে নতুন একটা কিছু করার। তারপর সবার সিদ্ধান্তে ব্যান্ড গঠন করা। অল্প দিনে আমরা কিন্তু অনেক শোও করেছি, যা আমাদের জন্য অনেক অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।’জাকিউর রহমান এ-ও বলেন, ‘আমরা এখন দেশ-বিদেশের জনপ্রিয় গানগুলো করলেও সামনে নিজেদের অ্যালবাম করার কথাও ভাবছি। আর অ্যালবামটি হবে পুরোটাই দেশের গাননির্ভর।’সিম্পোনিয়াম ব্যান্ডে ড্রামার হিসেবে আছেন রুমি রহমান। তিনি এর আগে লেজেন্ড, ট্রাপ, অর্থহীন, আর্ক, দলছুট ও অরণ্য ব্যান্ডের ড্রামার হিসেবে কাজ করেছেন।রুমি রহমান বলেন, ‘বছর খানেক আগে জাকিউর ভাইয়ের সঙ্গে আমার পরিচয়। পরিচয়ের পর প্রায় সন্ধ্যায় তাঁর সঙ্গে আড্ডা দিতাম। আমাদের সে আড্ডায় মারফিও আসত। জাকিউর ভাইয়ের মাধ্যমে গানের জগতের অনেক গল্পই শুনতাম। তারপর সময় কাটানোর জন্য আমরা গানের মহড়া করা শুরু করলাম। একসময় চিন্তা হয় ব্যান্ড গঠন করে কাজটি করলে তো মন্দ হয় না। তারপর সেভাবেই কাজ শুরু হয়ে গেল। এভাবেই সিম্পোনিয়াম।’রুমি রহমান আরো বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, কাভার মিউজিকের ক্ষেত্রে আমরা অনেক শ্রোতা হারিয়েছি। তাই সিম্পোনিয়াম ব্যান্ডের প্রথম উদ্দেশ্য হচ্ছে, কাভার মিউজিকের ক্ষেত্রে আমরা যে শ্রোতা হারিয়েছি, তাদের ফেরত আনার। আমরা সঠিক পথেই এগোচ্ছি বলে মনে হচ্ছে। কয়েকটি অনুষ্ঠানে সেটার প্রমাণও পেয়েছি।’সিম্পোনিয়াম ব্যান্ডের সদস্যরা জাকিউর রহমান (ভোকাল ও গিটার), রুমি রহমান (ড্রামার), লুশা মির্জা (ভোকাল), মারফি (ভোকাল), শাফায়েত (কি-বোর্ড), রুবায়েত (বেস গিটার) ও রাসেল (লিড গিটার)।