নতুন ভাবনায় প্রথাগত ছায়া

মৈমনসিংহগীতিকা অবলম্বনে লোকনাট্যদল প্রযোজিত পদাবলী যাত্রাসোনাইমাধব-এর ১৫০তম প্রদর্শনী উপলক্ষে একটি নতুন ভাবনার প্রয়োগ ঘটেছে। দেশের সক্রিয় নাট্যদলগুলোর মধ্যে যাঁরা মৈমনসিংহগীতিকা অবলম্বনে নাটক/পালা/কিচ্ছা প্রযোজনা করেছেন এবং যাঁরা মঞ্চায়ন করতে সক্ষম, তাঁদের মিলিত নাট্যমেলায় পরিণত হলো ‘ময়মনসিংহ গীতিকা নাট্যোৎসব ২০১৪’। ২৫ সেপ্টেম্বর থেকে ছয়টি সন্ধ্যা মুখরিত হয়ে ওঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে। মিলনায়তনে ঢোকার আগেই দৃষ্টিজুড়ে বিরাজ করে কৃষি-জেলেভিত্তিক সমাজব্যবস্থার নানা উৎসব আর পার্বণের রং, রূপ ও বৈচিত্র্যময় শব্দ-দৃশ্য। ঢাকঢোলের আওয়াজের সঙ্গে আধুনিক প্রিন্টিং কৌশলে আঁকা পাখা, ময়ূরপঙ্খি নাওয়ের শিথানে আর পৈথানে মানব-মানবীর অবয়ব, এখানে-ওখানে নানা দেশীয় দ্রব্যের শৈল্পিক প্রতিরূপ শিল্পকলা একাডেমীর প্রবেশমুখকে নতুন পরিচয় দেয়। উদ্বোধনী সন্ধ্যায় জাহাঙ্গীরনগর থিয়েটারের দস্যুকেনারামেরপালাদিয়ে শুরু হয় উৎসব। দ্বিতীয় সন্ধ্যায় মিলনায়তনপূর্ণ দর্শক ও মঞ্চ আর নেপথ্যশিল্পীরা মিলে উদ্যাপন করেন সোনাইমাধব-এর ১৫০তম প্রদর্শনী। সঙ্গে যুক্ত হন পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্যনির্দেশক বিভাস চক্রবর্তী। দেশভাগের অভিশপ্ত গলি যে মেধাবী সন্তানদের প্রতিবেশী রাষ্ট্রে ঠেলে দিয়েছিল বা টেনে নিয়েছিল, বিভাস চক্রবর্তী তাঁদের একজন। সিলেটে জন্মগ্রহণের পর কৈশোরের শুরুতে তিনি কলকাতায় চলে যান। তবু শিল্পীবন্ধু হয়ে বারেবারে শিকড়ে ফেরেন তিনি। এই উৎসব নেপথ্যে রয়েছে এমনই এক আকুতি! তাই হয়তো শিরোনাম ‘শেকড় খুঁজি মাটির টানে’। কিন্তু এই উৎসবে মিলনায়তনে প্রবেশ করে প্রতিটি পরিবেশনা দেখতে গিয়ে ভীষণ দূরত্ব অনুভব করেন দর্শক। বিশালাকার প্রসেনিয়াম মঞ্চে অভিনয় তার অন্যতম কারণ। যাত্রা, পালা, কিচ্ছা, পদাবলির মতো পরিবেশনাগুলো দেশীয় রীতিতে ঘনিষ্ঠ আসরে দেখতেই অভ্যস্ত দর্শক। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর বিরাট চত্বর ছিল, পরীক্ষণ নাট্য মিলনায়তনও ছিল, তবু কেন আয়োজকেরা কালো পর্দা ঘেরা পাশ্চাত্য ধাঁচের মঞ্চকে বেছে নিলেন? উৎসবের বিষয়বস্তু, শিরোনাম এবং আহ্বানের সঙ্গে মঞ্চায়নের স্পষ্ট বৈপরীত্য লক্ষ করা যায় এখানে।
২৭ সেপ্টেম্বর শনিবারের সকালটা ভরে ওঠে বিভাস চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায়। সেমিনার কক্ষে বিভিন্ন নাট্যদলের তরুণ শিল্পী, বিশ্ববিদ্যালয়ের তরুণ নাট্যশিক্ষার্থী এবং দেশের খ্যাতনামা নির্দেশক, অভিনেতা ও সংগঠকদের উপস্থিতি ও দুই বাংলার নাট্যভাবনা, নাট্যভাষা এবং এর গতিপথের অতীত-বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশ্ববাজার বাস্তবতায় দুই বাংলার থিয়েটারে পেশাদারত্বের ভিত্তিতে তরুণদের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধির পথ খুঁজে বের করা এবং তার প্রতি গুরুত্বারোপ আলোচনার উল্লেখযোগ্য অংশজুড়ে উপস্থিত হয়। ঘুরেফিরে মনে হচ্ছিল, উৎসবে প্রতিটি নাটক প্রদর্শনী শেষে বা পরদিন যদি ওই নাটক নিয়ে নির্দেশক ও অভিনেতৃগণের সঙ্গে বিষয়বস্তু, মঞ্চায়ন ক্রিয়া-প্রক্রিয়া ও সাম্প্রতিক ভাবনা নিয়ে আলোচনার আয়োজন করা যায়, তবে হয়তো দর্শক-শিল্পী উভয়ের ভাবনায় নতুন খোরাক জোগাবে।
কিশোরগঞ্জের শিকড় নাট্য সম্প্রদায় মঞ্চায়ন করে চন্দ্রাবতী, নাট্যধারার সাম্প্রতিক প্রযোজনা আয়নাবিবিরপালা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনা মহুয়াএবং শেষ সন্ধ্যায় নাট্যতীর্থের কমলাসুন্দরীমঞ্চায়নের মাধ্যমে সমাপ্তি টানে পূর্ববঙ্গ গীতিকার সমৃদ্ধ পরিবেশনামূলক বর্ণিল আয়োজনের।
নাগরিক আয়তনে মৈমনসিংহগীতিকা নিয়ে এই প্রথম এমন আয়োজন। অভিনন্দন লোকনাট্যদলকে।