নতুন ভাবনার ‘তাসের দেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে গীতিনৃত্যনাট্য তাসের দেশ মঞ্চে আনছে সাধনা। এই সংগঠনটির সাধারণ সম্পাদক লুবনা মরিয়মের ভাষায়, ‘নতুন ভাবনায় তাসের দেশ।’ তিনি জানান, নতুন সংগীতায়োজনে এবং এ সময়ের শিল্পীদের দিয়ে গানগুলো করা হয়েছে। রবীন্দ্র-নাচের পাশাপাশি যুক্ত হয়েছে পুরুলিয়ার ছৌনাচ, মণিপুরি এবং সমসাময়িক নৃত্যভাবনা। এখানে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর, আনুশেহ, অর্ণব, ওয়াকিল, নন্দিতা ইয়াসমীন প্রমুখ। সংগীতায়োজন করেছেন তন্ময় বোস। নাচের নির্দেশনা দিচ্ছেন ওয়ার্দা রিহাব। অতিথি কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন যুক্তরাজ্যের লিডস মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক র‌্যাচেল কৃষে। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে বছরব্যাপী নানা অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ব্রিটিশ কাউন্সিল। এসব কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপী রীবন্দ্রসংগীতের প্রতিযোগিতা নিয়ে চ্যানেল আইয়ের সঙ্গে ‘নবগানে নবপ্রাণে’, রবীন্দ্রসাহিত্যের চরিত্রগুলো নিয়ে ফ্যাশন শো, বাংলা একাডেমীর সঙ্গে অনুবাদ কর্মশালা এবং সাধনার পরিবেশনায় গীতিনৃত্যনাট্য তাসের দেশ। আগামী শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় তাসের দেশ গীতিনৃত্যনাট্যটির উদ্বোধনী প্রদর্শনী করবে সাধনা। লুবনা মরিয়ম আরও জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় দেশের বিভিন্ন বিভাগীয় শহরে তাসের দেশ গীতিনৃত্যনাট্যের প্রদর্শনী করা হবে।