নতুন ভোকাল আশিফুরকে নিয়ে দেশ টিভিতে ব্ল্যাক
দেশ টিভির ‘ক্লোজআপ কল-এর গান’ অনুষ্ঠানে গান করবে ব্ল্যাক। সেই অনুষ্ঠানেই টনি (ড্রামস), টিটু (বেজ) ও জাহানের (গিটার) সঙ্গে অংশ নেবেন ব্ল্যাকের নতুন ভোকাল আশিফুর। ৩ মে শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে দেশ টিভির অনুষ্ঠানে আশিফুরকে নিজেদের নতুন সদস্য হিসেবেও পরিচয় করিয়ে দেবে ব্যান্ড দলটি।জন চলে যাওয়ার পর অতিথি ভোকাল হিসেবে ব্ল্যাকের সঙ্গে দুটি অনুষ্ঠানে গান করেছিলেন অন্য একজন। তারপর ব্ল্যাক খুঁজে পায় নিজেদের প্রত্যাশিত ভোকালকে। ব্ল্যাকের সঙ্গে যোগ দেন আশিফুর। তা-ও প্রায় আট মাস হয়ে গেছে। কিন্তু এত দিন নতুন ভোকালকে শ্রোতাদের সামনে সে অর্থে পরিচয় করায়নি ব্ল্যাক। এ প্রসঙ্গে জাহান বলেন, ‘আমারা যে ধরনের গান করি, আশিফুরের কণ্ঠটি তার সঙ্গে বেশ মানানসই। তাই আমাদের সঙ্গে তাঁর যুক্ত হওয়া। বেশ কয়েকটি কনসার্টেও তাঁকে নিয়ে গান করা হয়েছে। কিন্তু টিভির পর্দায় আশিফুরকে নিয়ে এবারই প্রথম হাজির হচ্ছি।’ জাহান আরও জানিয়েছেন, ‘ব্ল্যাকের নতুন সদস্যকে নিয়ে এরই মধ্যে নতুন অ্যালবামেরও কাজ শুরু করে দিয়েছেন তাঁরা। ছয়-সাতটা গানও তৈরি হয়ে গেছে। আগামী সপ্তাহ থেকে শুরু হবে অ্যালবামটির রেকর্ডিং। গানের দল হিসেবে ব্ল্যাকের যাত্রা শুরু ১৯৯৮ সালে। ব্ল্যাকের প্রকাশিত অ্যালবামগুলো হলো ‘আমার পৃথিবী’ (২০০২), ‘উৎসবের পর’ (২০০৩), ‘আবার’ (২০০৮) ও ‘ব্ল্যাক’ (২০১১)।