নতুন মঞ্চে নতুন নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম পাদপীঠ বাংলা একাডেমী। বছর ঘুরে ফেব্রুয়ারি এলেই এখানে বসে অমর একুশে গ্রন্থমেলা। মুখর হয়ে ওঠে একাডেমীর পুরো আঙিনা। কিন্তু বছরের বাকি সময়গুলোতে দেখা যায় না আর কোনো কোলাহল। এ সময় যেন অনেকটা নীরব হয়েই থাকে বাংলা একাডেমী। তবে ১৯ অক্টোবর সন্ধ্যায় দেখা গেল ভিন্ন চিত্র। দল বেঁধে লোকজন প্রবেশ করছে একাডেমী প্রাঙ্গণে। সমাগম ঘটেছে শত শত নাট্যকর্মী, নাট্যামোদী দর্শক ও নাট্যজনদের। সবাই জড়ো হয়েছেন বাংলা একাডেমীর নবনির্মিত ভবনের সামনে। উপলক্ষ, বাংলা একাডেমীর নবনির্মিত ভবনের নতুন মিলনায়তনের উদ্বোধন। আধুনিক একটি মিলনায়তন। রবীন্দ্রনাথ, আবুল ফজলসহ বিভিন্ন মনীষীর নানা উক্তি খোদাই করে সংযুক্ত করা হয়েছে ভবনের গায়ে। মিলনায়তনের গা ঘেঁষে চমৎকার একটি পুকুর, সুগভীর পুকুরটার আধপেট পানিতে ভাসছে হাঁস। আঙিনাজুড়ে সবুজ অরণ্য। সব মিলিয়ে জায়গাটা হয়ে উঠেছে নাট্যকর্মী তথা সংস্কৃতিকর্মীদের মিলনের এক নতুন ক্ষেত্র। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় সম্প্রতি শেক্সপিয়ারের গ্লোব থিয়েটারে ঘুরে আসা ঢাকা থিয়েটারের নাটক দ্য টেমপেস্ট। নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। ঢাকার নাট্যচর্চায় যুক্ত হলো আরেকটি নতুন মঞ্চ। এ নিয়ে নাট্যকর্মীদের মনে আনন্দ যতটা, আবার ততটা সংশয়ও লক্ষ করা গেল। মিলনায়তনটি নাট্যকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে কি না, মিলনায়তন বরাদ্দের ভাড়া কত হবে—এসব শঙ্কা কাজ করছিল তাঁদের মনে। এক ফাঁকে কথা বলে ফেললাম বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের সঙ্গে। জানালেন, মিলনায়তনটি সবেমাত্র উদ্বোধন করা হচ্ছে, তবে কীভাবে তা উন্মুক্ত করা হবে, নীতিমালা কী হবে—এসব ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। মিলনায়তনের সামনে কথা বলছিলেন দুজন জ্যেষ্ঠ নাট্যকর্মী মোহাম্মদ বারী ও অনন্ত হিরা। নতুন মঞ্চ নিয়ে জানতে চাইলাম তাঁদের প্রতিক্রিয়া। মিলনায়তনের বাহিরটা তাঁদের মনকে যতটা তৃপ্ত করেছে, মিলনায়তনের ভেতরে কাঠামোগত কিছু ত্রুটি ততটাই তাঁদের হতাশ করেছে বলে জানালেন। মিলনায়তনটি নাটকের জন্য কতটা উপযুক্ত এবং সাংস্কৃতিক বলয়ের এই অঞ্চলে নাট্যমঞ্চটির কতটা উপযোগিতা রয়েছে, এসব নিয়ে কথা বললাম টেমপেস্ট নাটকের নির্দেশক নাসির উদ্দীন ইউসুফের সঙ্গে। বেশ উচ্ছ্বাসের সঙ্গে তিনি জানালেন, ‘বাংলা একাডেমীতে এ রকম একটা নাট্যমঞ্চের ভীষণ প্রয়োজন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ এই অঞ্চলের নাট্যামোদী দর্শকেরা এখন খুব সহজে নাটক দেখতে আসতে পারবেন। এতে করে আমাদের নাটকের দর্শকসংখ্যাও বাড়বে। তা ছাড়া মঞ্চটি খুবই আধুনিক, শুধু কাঠামোগত কিছু ত্রুটি রয়েছে। ত্রুটিগুলো সহজেই সেরে ফেলা সম্ভব। এ ব্যাপারে মহাপরিচালককে আমি বিষয়গুলো অবহিত করেছি। এখন সবই সময়ের ব্যাপার।’ বাংলা একাডেমী মঞ্চের উদ্বোধনী দিনে উদ্বোধনী নাটক হিসেবে টেমপেস্ট নাটকটি মঞ্চস্থ হওয়ায় গৌরব অনুভব করেন ঢাকা থিয়েটারের নাট্যকর্মীসহ নাটকটির কুশীলব শিমূল ইউসুফ, রুবল লোদী, এশা ইউসুফ, কামাল বায়েজীদ এবং নাটকটির নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ। নাটক শেষে বেরিয়ে এসে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান হাস্যোজ্জ্বল কণ্ঠে উচ্চারণ করলেন বাংলা একাডেমীর এই নতুন মিলনায়তনের উদ্বোধনী দিনের ইতিহাসে নিজেদের উপস্থিতির কথা। সবশেষে টেমপেস্ট নিয়ে আলাপচারিতা হলো নাটকের নির্দেশক নাসির উদ্দীন ইউসুফের সঙ্গে। নাটকটির কথা বলতে গিয়ে নাসির উদ্দীন ইউসুফ জানালেন, লন্ডনের গ্লোব থিয়েটারে টেমপেস্ট নাটকের প্রদর্শনী হয় ৮ ও ৯ মে। তারপর দেশের মঞ্চে বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে। আগামী ৮ ও ৯ নভেম্বর নাটকটির দুটি প্রদর্শনী হবে বেঙ্গালুরুর রেঙ্গাসাঙ্গাকারা থিয়েটার ফেস্টিভ্যালে। প্রতিবছরই বিশ্বের সাতটি দলকে এই উৎসবে নাটক প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়। প্রতিটি দল দুই দিন করে নাটক প্রদর্শন করবে। আগামী ৫ নভেম্বর দলটি বেঙ্গালুরুর উদ্দেশে যাত্রা করবে বলে জানান তিনি।