নতুন মিলা

‘আগের অ্যালবামগুলোতে দর্শক-শ্রোতারা আমাকে অনেক ধরনের গান গাইতে দেখেছেন। সেসব গানের ভিডিওতে আমার উপস্থিতিও ছিল একটু অন্য রকম। এবারই প্রথম সুফি ঘরানার একটি প্রেমের গান করেছি, যা এর আগে কখনো শ্রোতারা আমার কাছ থেকে পাননি। একেবারে নতুন কিছু।’ বললেন মিলা। নিজের নতুন একক অ্যালবামের ‘ঈশ্বর জানে’ শিরোনামের গানটি সম্পর্কে বললেন তিনি। গানটির মিউজিক ভিডিও গতকাল বুধবার থেকে প্রচার করার জন্য দেশের বিভিন্ন টিভি চ্যানেলে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি গানটি ইউটিউবেও পাওয়া যাচ্ছে। প্রায় তিন বছর পর মিলার নতুন কোনো গান পেলেন শ্রোতারা।
নিজের নতুন একক অ্যালবাম প্রকাশের প্রাথমিক প্রস্তুতি হিসেবে শুরুতে এ মিউজিক ভিডিও প্রকাশের সিদ্ধান্ত নেন মিলা। তাঁর নতুন অ্যালবামের নাম আন-সেন্সরড। অ্যালবামের সব গানই তৈরি হয়ে গেছে। মিলা তাঁর এ অ্যালবামের কাজ করেছেন নিজের স্টুডিও দি এক্সপেরিমেন্টে। মিলা জানান, কণ্ঠ দেওয়ার পাশাপাশি এবার নিজের অ্যালবামের সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি। মিলার প্রথম একক অ্যালবাম ফেলে আসা প্রকাশিত হয় ২০০৬ সালে। এরপর প্রকাশিত হয় চ্যাপ্টার টু (২০০৮) ও রি-ডিফাইন্ড (২০০৯)।