নতুন মিশনে টম ক্রুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৫০ পেরিয়েছে, তবু অ্যাকশন-ঘরানার ছবিতে অভিনয়ের ব্যাপারে একটুও ক্লান্তি নেই তাঁর। তাঁকে এখনো দেখায় একেবারে টগবগে যুবকের মতো। মিশন ইম্পসিবল-এর তারকা টম ক্রুজের জন্য কিছুই আসলে অসম্ভব নয়। আর এ মুহূর্তে টম ক্রুজ মানেই দর্শক নস্টালজিক হতে বাধ্য। কারণ, টম ক্রুজ এবার এমন ‘মিশন’ নিয়ে এসেছেন, বক্স অফিসে সত্যিই যাঁকে হার মানানো ‘ইম্পসিবল’ হয়ে দাঁড়িয়েছে? গেল সপ্তাহে মুক্তি পেয়েছে জনপ্রিয় এই হলিউড তারকার নতুন অ্যাকশন ছবি অবলিভিয়ন। ছবিটি ইতিমধ্যে হলিউড বক্স অফিসের শীর্ষ অবস্থানে উঠে এসেছে।প্রবীণ সেনা জ্যাক হার্পারকে বিশেষ একটি মিশনে পাঠানো হয় এমন এক গ্রহের বুকে, যেখানে বয়ে গেছে নাম না-জানা কোনো এক ধ্বংসযজ্ঞ। তাকে পাঠানোর উদ্দেশ্য হলো, যদি কিছু অ্যালিয়েন সেই গ্রহে বেঁচে থাকে, তাদেরও ধ্বংস করে ফেলা। কিন্তু যতই সময় যেতে থাকে, জ্যাক বুঝতে পারে, সে অনেক বড় একটা চক্রান্তের শিকার। একটা সময় জ্যাক আবিষ্কার করে, তার চিন্তাশক্তি কোনো একটা অজানা কারণে একটা সময়ের আবর্তে হারিয়ে গেছে। যে গ্রহটিতে তাকে পাঠানো হয়েছে, সেটা পৃথিবী নামক সেই গ্রহ, সেখানে বেঁচে যাওয়া প্রাণীকুল কোনো অদ্ভুত অ্যালিয়েন নয়, বরং জলজ্যান্ত মানুষ। নিজের অতীত খুঁজতে হন্যে হয়েও কোনো সন্ধান পায় না জ্যাক। তাহলে কেন এই মিশনে তাকে বানানো হলো মানুষ হত্যার হাতিয়ার? উত্তরটা জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে টম ক্রুজের নতুন এই ছবিটি। সায়েন্স ফিকশনধর্মী এই ছবিটি পরিচালনা করেছেন ট্রন লিগ্যাসিখ্যাত পরিচালক জোসেফ কসনিস্কি। ছবিটিতে টম ক্রুজ ছাড়াও আরও অভিনয় করেছেন মরগান ফ্রিম্যান, মেলিসা লিও, ওলগা কুরেলিঙ্কো, অ্যান্ড্রিও রাইসবোরো, জোয়ি বেল, নিকোলাস কোস্টার প্রমুখ। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার আগেই ছবিটি বেলজিয়াম, ফ্রান্স, সুইডেন, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, সাউথ কোরিয়াসহ প্রায় ৩৫টি দেশে মুক্তি দেওয়া হয়। বহির্বিশ্ব থেকেই ইতিমধ্যে ছবিটি আয় করেছে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। ১২৪ মিনিটের এ ছবিটি পরিবেশনা করছে ইউনিভার্সাল পিকচার্স।টম ক্রুজের আসল নামটা কিন্তু একেবারেই বিদ্ঘুটে। পুরো নাম থমাস ক্রুজ ম্যাপোথার চতুর্থ। জন্ম ১৯৬২ সালের ৩ জুলাই, নিউইয়র্কের সারাকুজে। ক্রুজের বাবা ছিলেন প্রকৌশলী আর মা শিক্ষিকা। স্কুলজীবনেই ক্রুজ জড়িয়ে পড়েন মঞ্চনাটকের সঙ্গে। তাঁর অভিনীত প্রথম নাটকের নাম আইটি। ১৯৮১ সালে ক্রুজ এন্ডলেস লাভ ও ট্যাপস ছবিতে সহকারী চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজীবন শুরু করেন। ১৯৮৩ সালে অল দ্য রাইট মুভস এবং রিস্কি বিজনেস ছবির মাধ্যমে টম ক্রুজের বর্ণাঢ্য অভিনয়-জীবনের সাফল্য-গাথা শুরু হয়। এরপর ১৯৮৬ সালের টপ গান ছবিটি তাঁকে পুরোপুরি তারকা খ্যাতি এনে দেয়। এরপর একে একে টম ক্রুজ অভিনয় করেছেন দ্য কালার অব মানি, রেইন ম্যান, বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই, ফার অ্যান্ড অ্যাওয়ে, এ ফিউ গুড ম্যান, ভ্যানিলা স্কাই, ওয়ার অব দি ওয়ার্ল্ডস, জ্যাক রিচার, ট্রপিক থান্ডার, মাইনরিটি রিপোর্ট, দ্য লাস্ট সামুরাই-এর মতো বেশ কিছু ব্লকবাস্টার হিট ছবিতে। তাঁর অভিনয়ের স্বীকৃতিও কম নয়, এখন পর্যন্ত তিনটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তিনটি একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন।প্রযোজক হিসেবেও তাঁর জনপ্রিয়তা যে কম নয়, মিশন ইম্পসিবল ছবিটি তারই উদাহরণ। হলিউডের ব্যবসাসফল ও জনপ্রিয় ছবির তালিকায় রয়েছে এই সিরিজের প্রতিটি ছবি। ১৯৯৬ সালে মিশন ইম্পসিবল-এর প্রথম পর্ব মুক্তি পায়। সেই সময় ছবিটি সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ঝড় তুলেছিল। এরপর একে একে মুক্তি পায় এই সিরিজের চারটি ছবি। সিরিজের চতুর্থ পর্ব মিশন ইম্পসিবল-গোস্ট প্রোটোকল মুক্তি পেয়েছিল ২০১১ সালে। মিশন ইম্পসিবল আর টম ক্রুজের নাম তাই একসূত্রে গাঁথা হয়ে গেছে আজ বহুদিন। সেই মিশন ইম্পসিবল সিরিজ নিয়ে কোনো ঘোষণা টম ক্রুজের কাছ থেকে আসবে, সেটাই স্বাভাবিক। হয়েছেও তাই। হ্যাঁ, আসছে মিশন ইম্পসিবল ছবির পঞ্চম কিস্তি। সম্প্রতি ছবিটির পঞ্চম সিক্যুয়েলের কাজ শুরুর ঘোষণা দিয়েছেন ছবিটির অভিনেতা ও প্রযোজক টম ক্রুজ। সাজিদুল হকহলিউড রিপোর্টার ও এলএ টাইমস অবলম্বনে