নতুন মুখ খুঁজছেন কামার

কামার আহমাদ সাইমনের চলচ্চিত্র শিকলবাহার জন্য নতুন মুখ খোঁজা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ফেসবুকে এ নিয়ে একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। ত্রিশোর্ধ্ব শহুরে দুই যুবক আর এক তরুণীর খোঁজে চলবে এই কার্যক্রম।
বিষয়টি নিয়ে কথা বলতে গেলে কামার বলেন, ‘গত কয়েক মাস অনেকটা অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় চলছিল এই খোঁজ…এবার শুরু করলাম সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রচলিত অর্থে সুন্দর বলতে যা বোঝায়, আমি ঠিক তা খুঁজছি না…আমার দরকার কয়েকটি চেহারা, যাদের এখনো পর্দায় ঠিক সেভাবে দেখা যায়নি, কিন্তু যাদের চেহারা অধীর আগ্রহে অনেক গল্প নিয়ে বসে আছে।’
সারা আফরীনের প্রযোজনায় বাংলাদেশ, ভারত ছাড়াও জার্মানি ও ফ্রান্সের কুশলীরা কাজ করবেন এই ছবিতে। সরকারি অনুদানপ্রাপ্ত, কান ২০১৪-এর লা ফ্যাব্রিক সিনেমা দ্যু মুন্দে নির্বাচিত, বার্লিন থেকে ২০১৬-এর ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ বিজয়ী শিকলবাহার (Iron Stream) পুরোনো নাম ছিল শঙ্খধ্বনি (Silence of the Seashell)। এর জন্য ‘নতুন মুখের খোঁজে’ কার্যক্রমে এই মাসের ২৬ তারিখের মধ্যে আগ্রহীদের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে সূচনা প্রযোজনার ফেসবুক পাতায়। অডিশন হবে আগামী মাসের শুরুতেই। সব ঠিক থাকলে শুটিংও শুরু হবে শিগগিরই।