নতুন মুখের খোঁজে শাবনাজ-নাঈম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাঈম ও শাবনাজ
নাঈম ও শাবনাজ

আগামী অক্টোবরে এহতেশাম পরিচালিত চলচ্চিত্র চাঁদনী মুক্তির ২৪ বছর হবে। এই ছবির মধ্য দিয়েই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল শাবনাজ ও নাঈমের। দীর্ঘ বিরতির পর এবার এই দুই শিল্পী নতুন করে যুক্ত হচ্ছেন চলচ্চিত্রের সঙ্গে। আর সেই যুক্ততার বিস্তারিত তাঁরা জানাবেন অক্টোবরে। সে সময় তাঁরা ঘোষণা দেবেন তাঁদের পরিচালনায় নতুন ছবির নাম, যে ছবিতে দেখা যাবে দুই নতুন মুখকে। এখন সেই নতুন মুখের খোঁজ করছেন শাবনাজ ও নাঈম।
১৭ বছর আগে চলচ্চিত্র থেকে সরে দাঁড়ান চলচ্চিত্র জুটি শাবনাজ ও নাঈম। এবার দীর্ঘ সময় পর তাঁরা চলচ্চিত্রে ফেরার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তাঁরা জানালেন, চাঁদনী ছবির আদলে একটি ছবি বানাবেন তাঁরা। নাঈম হবেন ছবিটির নির্মাতা। আর তাঁকে সব ধরনের সহযোগিতা করবেন শাবনাজ। নাঈম বলেন, ‘অনেক বছর চলচ্চিত্রে না থাকলেও মানুষ এখনো আমাদের ভালোবাসেন অভিনয়শিল্পী হিসেবে। বেশ কিছুদিন ধরে ভাবছি চলচ্চিত্রের জন্য কিছু করার। তাই চলচ্চিত্রে ফেরার সিদ্ধান্ত নেওয়া।’
তাঁদের ছবিটি চাঁদনীর রিমেক কিংবা সিক্যুয়াল হবে না। নাঈম বলেন, ‘আমরা যে ছবিটি বানাতে চাই, তা নিটোল প্রেমের। এই ছবির মাধ্যমে এহতেশাম সাহেবকে শ্রদ্ধা জানাতে চাই।’ শাবনাজ ও নাঈমের কাছে নতুন মুখ খোঁজার বিষয়টি জানতে চাইলে তাঁরা জানান, এখন নায়ক-নায়িকা খোঁজ চলছে।