নতুন রূপে অপূর্ব

আগে থেকে প্রত্যাশা বাড়াতে চান না অপূর্ব। তাই প্রথম ছবি গ্যাংস্টার রিটার্নস নিয়ে বলি বলি করেও বলতে চান না কিছু। শুধু এটুকুই বললেন, ‘এমন কিছু আসছে, যা বাংলাদেশে দেখা যায়নি আগে।’ সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে আশিকুর রহমান পরিচালিত ছবিটি। নভেম্বর থেকে শুরু হবে ছবির প্রচার। এরপর মুক্তি।
গ্যাংস্টার রিটার্নসকে অ্যাকশন দিয়ে আলাদা করা যাবে অন্য সব ছবি থেকে, এটা মনে করেন অপূর্ব। সব সময় বড় পর্দায় নিজেকে অ্যাকশন ঘরানার অভিনেতা হিসেবেই দেখতে চাইতেন তিনি, তাই নিজেকে সেই চরিত্রে ঢালতে চেষ্টার কোনো কমতি রাখেননি। জানালেন, ছবির অ্যাকশনে যুক্ত হয়েছে অনেক নতুন নতুন বিষয়। যেমন তিন মিনিটের টানা ‘আনকাট’ একটি অ্যাকশন দৃশ্য রয়েছে ছবিতে। অপূর্বর জানামতে, বাংলাদেশের কোনো চলচ্চিত্রে এত লম্বা সময়ের শটে চিত্রায়িত হয়নি কোনো অ্যাকশন দৃশ্য। তাই আশাবাদী অপূর্ব। তাঁর ভাষায়, অ্যাকশনের নতুন ব্যাকরণ নিয়ে আসছে ছবিটি।
এদিকে নতুন চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে অপূর্ব জানান, দুটি পাণ্ডুলিপি নিয়ে কথা চলছে। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। ব্যাটে-বলে মিলে গেলে আনুষ্ঠানিক ঘোষণার পরই অপূর্ব মুখ খুলবেন নতুন ছবি নিয়ে।