নতুন রূপে শিল্পকলার মিলনায়তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৫ মাস পর নতুন রূপে চালু হচ্ছে নগরের জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তন। এ উপলক্ষে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আজ বৃহস্পতিবার থেকে নয় দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে।

১৫ মাস সংস্কার কাজের জন্য বন্ধ ছিল শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনটি। দীর্ঘ এ সময়ে শিল্পকলার মুক্তমঞ্চে ও গ্যালারি মিলনায়তনে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকলেও মঞ্চনাটকের পরিবেশনা ছিল না। আর তাই মঞ্চনাটকের উৎসব দিয়েই ফের চালু হচ্ছে শিল্পকলার মূল মিলনায়তন। জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা মোসলেম উদ্দিন শিকদার বলেন, প্রায় ৩ কোটি ২১ লাখ ৩ হাজার ৫০০ টাকা ব্যয়ে নান্দনিক স্থাপত্য ও আধুনিক সরঞ্জামে সেজেছে শিল্পকলার এই মিলনায়তন।

নতুন পর্বে শুরুর প্রথম দিন আজ থেকে ২৫ আগস্ট পর্যন্ত শিল্পকলার মূল মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাতটায় শুরু হবে নাটকের প্রদর্শনী। শিল্পকলা একাডেমি রেপারেটরি নাট্যদল আজ পরিবেশন করবে মোসলেম উদ্দিন শিকদার নির্দেশিত নাটক মেহেরজান।

 কক্সবাজারে কবিতা পাঠের আসর

কক্সবাজার শহরের কলাতলীর একটি তারকা হোটেলের সম্মেলনকক্ষে গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে কবিতা পাঠের আসর। জাতীয় শোক দিবস উপলক্ষে ‘রক্তমাখা বুকজুড়ে-স্বদেশের প্রতিচ্ছবি’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখা। আবৃত্তিকার মাহিদুল ইসলাম জাতির জনককে নিয়ে লেখা কবি নির্মলেন্দু গুণের একটি কবিতা দিয়ে উৎসবের সূচনা করেন। একে একে তিনি আবৃত্তি করেন ১৪টি কবিতা। অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের প্রকাশনা ‘জনক’ এর মোড়ক উন্মোচন করা হয়।