নতুন রূপে ‘কঞ্জুস’
লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) তাদের দারুণ জনপ্রিয় নাটক কঞ্জুস আজ নতুন রূপে মঞ্চে আনছে। জানা গেছে, নাটকটির জন্য তৈরি হয়েছে নতুন সেট। পরিবর্তন আনা হয়েছে পোশাক আর আলোক পরিকল্পনায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে আজ সন্ধ্যায় নতুন রূপে কঞ্জুস নাটকের প্রদর্শনী হবে।নাটকটিতে পরিবর্তন আনা প্রসঙ্গে এর নির্দেশক লিয়াকত আলী লাকী বলেন, ‘যে নাটকগুলো নিয়মিত মঞ্চস্থ হয়, সেগুলোতে অন্তত পাঁচ বছর পর পর কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন। কারণ, এই সময়ের মধ্যে দর্শকের মধ্যে কিছুটা পরিবর্তন আসে। নতুন দর্শককে আকর্ষণের একটা ব্যাপার থাকে। কঞ্জুস নাটক প্রথম মঞ্চস্থ হয় ১৯৮৬ সালের ৮ মে। এই দীর্ঘ সময়ে কিছু কিছু ছোট পরিবর্তন আমরা করেছি ঠিকই; তবে এবার সেট, পোশাক ও আলোক পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন এনেছি। আশা করছি, তা দর্শকদের ভালো লাগবে।’মলিয়েরের দ্য মাইজার অবলম্বনে কঞ্জুস নাটকের রূপান্তর করেছেন তারিক আনাম খান। আজ নাটকটির ৬১৩তম প্রদর্শনী হবে।