নতুন লাইনআপে দূরবীনের গান
এ বছরের শুরুতে নতুন করে যাত্রা শুরু করেছিল ব্যান্ড দূরবীন। নতুন করে যাত্রা শুরু করার পর এবার দলটি আসছে ছোট পর্দার দর্শকদের সরাসরি গান শোনাতে। এনটিভিতে আজ রাত সাড়ে ১১টায় সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নেবে ব্যান্ডটি। কনসার্ট প্রসঙ্গে দূরবীন ব্যান্ডের প্রধান শহীদ বলেন, ‘আজকের সরাসরি গানের অনুষ্ঠানে দূরবীন নতুন লাইনআপে নতুনভাবে আসছে। এই অনুষ্ঠানের জন্য আমরা নতুন কিছু গানও করেছি। তা ছাড়া এমন কিছু গান করব, যা এর আগে খুব একটা গাওয়া হয়নি। চেষ্টা করব দর্শকদের জন্য উপভোগ্য একটি কনসার্ট উপহার দেওয়ার।’উল্লেখ্য, গত বছরের শেষ দিকে দূরবীন ব্যান্ডের অন্যতম ভোকাল আরফিন রুমির ব্যক্তিগত সমস্যার কারণে তাঁকে ছাড়াই নতুন করে যাত্রা শুরু করে ব্যান্ডটি। ওই সময় শহীদ বলেছিলেন, ‘দূরবীন ব্যান্ডের শুরু থেকে আরফিন রুমির অবদান অনেক। কিন্তু রুমির ব্যক্তিগত কিছু ঘটনার কারণে বিভিন্ন মহল থেকে দূরবীন ব্যান্ডকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তাই তাঁকে বাদ দিয়েই আমাদের নতুনভাবে ভাবতে হয়।’এদিকে শহীদ এ-ও জানান, নতুন সদস্যদের নিয়ে দূরবীন ব্যান্ড পূর্ণাঙ্গ একটি নতুন অ্যালবামের কাজও শুরু করে দিয়েছে। এরই মধ্যে কয়েকটি মিশ্র অ্যালবামেও দূরবীনের গান প্রকাশিত হয়েছে বলে জানান তিনি।দূরবীন ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন শহীদ (কণ্ঠ), আইয়ুব (কণ্ঠ ও গিটার), রুবেল (ড্রামস), হূদয় (লিড গিটার), শাওন (বেস গিটার) ও রাফি (কম্পোজার ও কি-বোর্ড)।