নতুন লড়াই
‘বয়স যখন ২৭ হবে, তখন বিয়ে করব। তার আগে বিয়ে নিয়ে কিছু ভাবছি না।’ নিজের পছন্দের কাউকে বিয়ে করবেন?‘তেমনই ইচ্ছা আছে। আমার বিশ্বাস, মা-বাবাও অমত করবেন না।’পছন্দের তেমন কেউ আছেন নাকি?‘মনের মতো কাউকে এখনো খুঁজে পাইনি। সত্যি বলছি, আমি এখনো একাই আছি।’কথা হচ্ছিল মিলার সঙ্গে। যদিও আলাপের শুরুটা হয়েছিল তাঁর গান দিয়ে, কিন্তু বিয়ের প্রসঙ্গ উঠতেই নিজের কষ্টের কথা বললেন মিলা, ‘কিছু পত্রিকা তো একাধিকবার আমার বিয়ের খবর ছাপিয়েছে। জানি না, এসব করে তারা কী সুখ পায়!’ইদানীং এমন কিছু ঘটনার জন্য নানাভাবে বিব্রত হয়েছেন মিলা। সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁর পরিবারকে। আত্মীয়স্বজন আর বন্ধুদের নানা প্রশ্নের জবাব দিতে হয়েছে। এর প্রভাব পড়েছে নিজের গানে। আলাপের একপর্যায়ে সাম্প্রতিক একটি ভিডিওচিত্রের কথা বললেন তিনি। মিলার মতে, ‘মাস দুয়েক আগে আমার নাম জড়িয়ে আপত্তিকর দৃশ্যের একটি ভিডিওচিত্র প্রকাশ করা হয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল আমার শিল্পীসত্তাকে ধ্বংস করতে চায়, দর্শক-শ্রোতার হূদয় থেকে মুছে দিতে চায় আমার নাম। শুরুতে ব্যাপারটি তেমন গুরুত্ব দেইনি। কিন্তু চক্রটি এখন বেশ সক্রিয়। তারা আমার নাম ব্যবহার করে আরও একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে। এবার আমি তার প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছি। যারা এসব নোংরামির সঙ্গে যুক্ত, আমি সরকার, আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের কাছে তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি।’ মিলা জানালেন, তিনি এ ধরনের নোংরা কাজের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। ওই সব ঘটনার জন্য মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন মিলা। পিছিয়ে গেছে তাঁর নতুন অ্যালবামের কাজ। বললেন, ‘ইচ্ছা ছিল, এবার ঈদে শ্রোতাদের আমার নতুন অ্যালবাম উপহার দেব। সেটা হচ্ছে না। কোরবানির ঈদে অ্যালবামটি যেন বের হয়, সেভাবেই কাজ করছি।’বছর খানেক হলো মিলা নিজের বাসায় একটা স্টুডিও গড়েছেন। এখন দিনরাত সেখানেই ব্যস্ত থাকেন গান নিয়ে। এর আগে অন্যের লেখা আর সুরে গান গেয়েছেন। এবার নিজেই গান তৈরি করছেন মিলা। বললেন, ‘এখন আমি গান লিখছি, সুর দিচ্ছি। এটা আমার জীবনে একটা নতুন কিছু। সেই ছোটবেলা থেকে ওস্তাদদের কাছে গান শিখছি। দীর্ঘদিন শাস্ত্রীয় সংগীতের চর্চা করছি। আমি কেন পারব না? স্বীকার করি, গান তৈরির কাজ সহজ নয়।’ জানালেন, গানগুলো তৈরি করার পর অনেককেই শুনিয়েছেন। এরই মধ্যে মিলার সুর করা একটা গানে কণ্ঠ দিয়েছেন কণা। গানটি এখন বিভিন্ন এফএম রেডিওতে প্রচারিত হচ্ছে।মিলার বিশ্বাস, ভিডিওচিত্র কিংবা প্রেম-বিয়ে নিয়ে নানা গুজব তাঁর সংগীতজীবনে তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না। মিলাকে জড়িয়ে কেন বারবার এ ধরনের নোংরা কাজ হচ্ছে? মিলা বলেন, ‘আমাকে দেখে অনেকেই মনে করেন, আমি খুব রাফ-এন-টাফ। ব্যক্তিগত জীবনে আমি কিন্তু খুব সাদামাটা। ঘরকুনো স্বভাবের। বাসায় দেখলে আমাকে চিনতেই পারবেন না। অনেকেই ভাবেন, আমি খুব পার্টি পছন্দ করি। এটা একেবারেই ভুল ধারণা। আমি এসবে অভ্যস্ত নই। আমার নতুন কোনো বন্ধু নেই। সেই ছোটবেলায় যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল, সেই ১০-১২ জনই আমার বন্ধু। আমার পোশাক দেখে হয়তো অনেকের নানা কিছু মনে হতে পারে, কিন্তু আমি যে আধুনিক চিন্তাভাবনার একজন মানুষ, এটা তারা কেউ ভাবে না।’ স্টেজে গানের সঙ্গে সঙ্গে মিলার নাচ দর্শকদের মুগ্ধ করে। মিলা কখনো নাচ শিখেছেন? ‘না, না!’ মিলা বলেন, ‘আমি একজন শিল্পী। সবাইকে আনন্দ দেওয়া আমার কাজ। আমি যখন স্টেজে গান করি, তখন দর্শকও নাচেন। তার মানে, সবাই মজা পান। সবার মধ্যে একটা ফুর্তি ফুর্তি ভাব থাকে। এখন মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করার সময়টা ফুরিয়ে এসেছে।’