নতুন শাকিব
অনেক চাপ শাকিব খানের ওপর। শুটিং-ডাবিং, শিডিউল বণ্টন এবং ছবিঘরে দর্শক টেনে আনা। তবে শিল্পী সমিতির সভাপতি পদে বিজয়ী হয়ে নিজের ঘাড়ে সেই চাপটা তিনি যেন আরও বাড়িয়ে নিলেন। শিল্পীদের অসংখ্য সমস্যা। তাঁদের প্রত্যাশা, শাকিব কিছু একটা করবেন। কী করবেন তিনি?প্রায়ই শুনতে হয়, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না কোনো কোনো শিল্পী, যাঁদের অনেকেই দর্শকদের ছবিঘরে হাসিয়েছেন, কাঁদিয়েছেন, আজ তাঁর অর্থাভাব। ব্যাপারটা মেনে নেওয়া কষ্টকর। তাই ন্যূনতম ২০ লাখ টাকার একটি তহবিল করার উদ্যোগ গ্রহণ করেছেন নতুন সভাপতি শাকিব। এই টাকার লভ্যাংশ থেকেই দুস্থ শিল্পীরা চিকিৎসা-ভাতা পাবেন।কোথা থেকে আসবে এই টাকা?শাকিব জানালেন, ‘কয়েকটি অনুষ্ঠান করব আমরা। এ ছাড়া যাঁদের সামর্থ্য আছে, তাঁদের অনুদান থেকে তৈরি হবে তহবিল।’প্রশ্ন করলাম, একজন ব্যস্ত শিল্পী হওয়ার পরও কেন সভাপতি হলেন?‘বিনোদনশিল্পের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র। আর এর প্রাণ অবশ্যই শিল্পীরা। শিল্পীদের অধিকার বা সম্মান যেটাই বলেন, অনেকক্ষেত্রে প্রাপ্যটুকুও পান না। আমি এ কাজটা করতে চাই। জানি, কাজটা কঠিন। কিন্তু এই কঠিন কাজকেই আমি ভালোবাসার সঙ্গে করার ইচ্ছা পোষণ করছি।’ বলছিলেন শাকিব খান।অভিযোগ আছে, শিল্পী সমিতিতে এমনও সদস্য আছেন, যাঁরা আসলে শিল্পী নন। মহাখালী বাস টার্মিনালের শ্রমিক থেকে শুরু করে নেতারাও এর সদস্য হয়েছেন। শাকিব অভিযোগটি উড়িয়ে দেননি। পরিকল্পনা করেছেন, এ জন্য একটি কমিটি করা হবে। সেই কমিটির সুপারিশ অনুযায়ী যাঁরা শিল্পী নন, তাঁদের সদস্যপদ বিলুপ্ত ঘোষণা করা হবে। ‘প্রায়ই খবরের কাগজে সংবাদ আসে, অমুক চিত্রনায়িকা গ্রেপ্তার। আসলে সে চিত্রনায়িকা কি না, সেই খোঁজ কিন্তু কেউ নেয় না। আমি এ জায়গাটি বদলাতে চাই।’ বললেন তিনি।শাকিব সভাপতি হওয়ার পর কথা উঠেছে একজন ব্যস্ত শিল্পী হয়েও কীভাবে সমিতিতে সময় দেবেন তিনি। এ ক্ষেত্রেও শাকিবের উত্তর, ‘আমরা কয়েকজন একটা সৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। প্রতিদিনই কিন্তু আমি, মিশা, ফেরদৌস, মৌসুমী কোথাও না কোথাও সময় কাটাই। আমাদের কথা হচ্ছে, সেই সময়টা সমিতির জন্য ব্যয় করব।’শাকিব এখন শিল্পী সমিতির নতুন সভাপতি। তবে শিল্পী শাকিবের বিরুদ্ধে প্রযোজক, পরিচালকদের দীর্ঘদিনের অভিযোগ, শুটিং স্পটে দেরি করে আসেন তিনি। এর প্রতিকার কী?প্রশ্ন শুনে শাকিব হাসেন। বললেন, ‘আট ঘণ্টা কাজ করাটা হচ্ছে উপযুক্ত একটা সময়। কিন্তু আমাদের এখানে বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত কাজ করার রেওয়াজ। আমি মনে করি, এর পরিবর্তন দরকার। আমরা তো মানুষ। কিছুদিন আগে কাজী হায়াৎ আমাকে ডেকে বললেন, তাঁর ছেলে মারুফ টানা তিন দিন কাজ করে অসুস্থ হয়ে পড়েছেন। কাজের সময়টা পুনর্নির্ধারণ করা যায় কি না?‘তাঁর কথা শোনার পর থেকেই ভাবছি, শিগগিরই পরিচালক-প্রযোজকদের সঙ্গে বসে ঠিক করব, প্রতিদিন আট ঘণ্টা কাজ করা যায় কি না। করা গেলে শিল্পীদের ওপর কাজের চাপটা কমবে এবং কাজও ভালো হবে। আর আমি যেহেতু এখন সভাপতি, তাই নিজের ব্যাপারেও অনেক বেশি সচেতন। এমন কিছু করব না, যার জন্য আমার বিরুদ্ধে কেউ অভিযোগ আনতে পারেন।’কয়েক বছর ধরেই শাকিব চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়কের আসনটি দখল করে আছেন। এবার পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার। তবে অনেকেই বলছেন, আগের মতো ব্যবসাসফল ছবি এখন হচ্ছে না। শাকিব এ কথার সঙ্গে কোনোভাবেই একমত হলেন না। বললেন, ‘কদিন আগেই মুক্তি পেল মনের জ্বালা ছবিটি। প্রযোজক এতটাই খুশি যে তিনি আবার আমার শিডিউল চেয়েছেন। গত ঈদেই আমার নাম্বার ওয়ান শাকিব খান ছবিটি মুক্তি পেল। এটি তো রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। ঈদে একসঙ্গে আমার পাঁচটি করে ছবি মুক্তি পাচ্ছে। সব কটিই ব্যবসায়িক সাফল্য পাচ্ছে। এ থেকে কী প্রমাণিত হয়? আমি মনে করি যে আমাদের সিনেমার মানটা ভালো করা প্রয়োজন। তার জন্য দরকার উন্নত মানের কারিগরি-সুবিধা। আমরা এখন শুটিং করতে যাচ্ছি থাইল্যান্ড, মালয়েশিয়ায়। দুই থেকে আড়াই কোটি টাকায় ছবি হচ্ছে, কিন্তু সেভাবে কি কারিগরি সুবিধা আছে? তাহলে আমরা আর কীভাবে এগোব? বিগত ১০ বছর চলচ্চিত্রের অশ্লীলতা আমাদের অনেক পিছিয়ে দিয়েছে। আমরা নতুন করে সবকিছু শুরু করেছি। দেখবেন, ধীরে ধীরে আমাদের সিনেমার গল্প বদলাবে। পরিচালকেরা এমন গল্প নিয়ে ছবি বানাবেন, যেখানে বিশ্বাসযোগ্যতা নিয়ে আর কেউ প্রশ্ন করবেন না। কিন্তু এ জন্য প্রয়োজন সময় আর সরকারের সহযোগিতা। আমি তো মনে করি, আমরা যে পরিবর্তনের কথা বলছি, এর সুফল পাবে আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা।’শাকিব-রাজত্বে নতুনেরা কেউই সুবিধা করতে পারছেন না। ফলে দর্শককেও বারবার একই মুখ দেখতে হচ্ছে। এটা কেন হচ্ছে?শাকিব কিছুটা সময় নিয়ে ভাবলেন। বললেন, ‘আসলে, এই শূন্যতা বেশি দিন থাকবে না। কিছুদিনের মধ্যেই দেখবেন নতুনেরা আসছে। এখনো আসছে। তাদের ছবি মুক্তি পাচ্ছে। হয়তো আরও কিছুদিন সময় লাগবে।