নতুন শাকিবে মুগ্ধ সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে মুক্তি পাওয়া চারটি ছবির মধ্যে তিনটিরই নায়ক ছিলেন শাকিব খান। এর মধ্যে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার শিকারী ছবিটি দেখতে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। সপ্তাহ পেরিয়ে গেলেও ছবিটি নিয়ে বাংলাদেশের দর্শকদের আগ্রহ যেন কমছেই না। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি দেখা শেষ করে বের হওয়ার পর দর্শকের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁরা জানালেন, বহুদিন পর একটা ভালো সিনেমা দেখেছেন।

ঈদের আগে শিকারী ছবির পোস্টার উন্মুক্ত করা হয়। এরপরই শাকিবকে নিয়ে চারদিকে আলোচনা শুরু হয়। ছবির ট্রেলার আর গান প্রকাশের পর নতুন এক শাকিবকে দেখেছেন দর্শকেরা, সবাই এক বাক্যে বলেছেন, এমন শাকিবকে তাঁরা এর আগে দেখেননি। দর্শকের পাশাপাশি আমরা কথা বলার চেষ্টা করেছিলাম নায়ক-নায়িকা, পরিচালক-প্রযোজকদের সঙ্গেও। তাঁরাও একমত হয়েছেন, নতুন লুকের শাকিবে মুগ্ধ হয়ে সবাই সিনেমা হলে ছুটেছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নিপুণ বললেন, ‘শাকিবের বেশির ভাগ সিনেমার গল্প প্রায়ই একই। শুরুর দিকে তাঁর কাছ থেকে অভিনয়সমৃদ্ধ ছবি পেয়েছি। সে কারণেই কিন্তু সে এতটা জনপ্রিয়। ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে শাকিব কিছুটা অমনোযোগী হয়ে ওঠে। এবার ঈদে মুক্তি পাওয়া শাকিবের তিনটি ছবির গল্প তিন ধরনের। শিকারী ছবিতে তো শাকিবকে একেবারে অন্য রকম দেখা গেছে। শুনেছি সে নিজেও এই ছবির জন্য অনেক পরিশ্রম করেছে। ছবির গান ভালো ছিল, লোকেশনও ছিল দেখার মতো। নতুন লুকের শাকিবকে দেখতে পেয়ে চোখের আরামও পেয়েছে। এ জন্যই তাঁরা সিনেমা হলে ছুটে গেছে।’

পূর্ণিমা বললেন একটু ভিন্নভাবে। তাঁর মতে, ‘কোনো মানুষকে যদি সব সময় আলু ভর্তা আর ডাল-ভাত খেতে দেওয়া হয় তাহলে এক মাস পর এটাতে নিশ্চিত অরুচি চলে আসবে। হঠাৎ করে সেই মানুষকে যদি আপনি মুরগি কিংবা গরুর মাস অথবা চায়নিজ খাবার খেতে দেন, তাহলে তিনি খুব মজা করেই তা খাবেন। ঈদের সিনেমার মধ্যে শিকারীর ক্ষেত্রে তেমনটাই ঘটেছে। এই সিনেমার লোকেশন, এর সম্পাদনা, কালার কারেকশন সবকিছুই ছিল দারুণ। গানগুলোও হয়েছে চমৎকার। শাকিব খান তো বাংলাদেশে বেশ জনপ্রিয়। কিন্তু কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীরও বাংলাদেশে ভক্ত রয়েছে। সবকিছু মিলিয়ে দর্শকেরা নতুন কিছু পেয়ে হুমড়ি খেয়ে পড়েছে।’

আরিফিন শুভর মতে, ‘প্রযুক্তি মানুষকে অনেক বেশি আধুনিক করেছে। মানুষ এখন আর এক জায়গায় বসে নেই। মুহূর্তেই তাঁরা বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র দেখতে পারছেন। নিজেদের রুচিরও পরিবর্তন হচ্ছে।’

চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘ঈদে এত বড় ছুটি এর আগে বাংলাদেশের মানুষ পায়নি। এত দিন শুনে আসছি যৌথ প্রযোজনার নামের যৌথ প্রতারণা হয়েছে। সেই কাতারে শাকিব খান যোগ দেননি। শিকারী শাকিব খানের প্রথম যৌথ প্রযোজনার সিনেমা। এই ছবির ক্ষেত্রে যৌথ প্রযোজনার নিয়ম মানা হয়েছে। তাই শাকিবের এই সিনেমা নিয়ে বাংলাদেশের দর্শকদের বাড়তি আগ্রহ ছিল বেশি। যদিও সিনেমাটা হুবহু নকল কপি গল্প, তারপরও শাকিব খান অসাধারণ অভিনয় করেছে।’

সোহানুর রহমান সোহান বললেন, ‘ঈদে মুক্তি পাওয়া চারটি সিনেমাই আমি হলে বসে দেখেছি। দর্শকের সঙ্গে কথা বলেছি। দর্শকেরা আসলে নতুনত্ব চান। আবার নতুনত্বের নাম করে যা ইচ্ছে তা দিয়ে দিলে চলবে না। সেটা অবশ্যই ভালো কিছু হতে হবে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের দর্শকেরা ভালো ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবার ঈদে চারটি সিনেমাই মোটামুটি ভালো মানের ছিল। পাশাপাশি সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলগুলোয় বাংলাদেশি সিনেমার প্রচারণা ছিল চোখে পড়ার মতো। যেসব দর্শক সিনেমা দেখা বাদ দিয়ে দিয়েছিলেন তাঁরাও প্রেক্ষাগৃহমুখী হয়েছেন। আমি নিজে শাকিবকে দেখে মুগ্ধ হয়েছি।’