নতুন সদস্য নতুন অ্যালবাম
যাত্রীর প্রথম অ্যালবাম বেরিয়েছিল চার বছর আগে। ডাক নামের ওই অ্যালবামে যাঁরা কাজ করেছিলেন, তপু ছাড়া আর কেউই এখন নেই। ব্যান্ডটির দলনেতা ও কণ্ঠশিল্পী তপু বললেন, ‘আমাদের শুরুটা হয়েছিল ২০০৪ সালে। কিন্তু শুরুতে যাঁরা ছিলেন, পরে নানা কারণে আমরা আর একসঙ্গে থাকতে পারিনি। লাইন-আপে বারবার পরিবর্তন আনতে হয়েছে। তবে এখন যাত্রী একটি পরিপূর্ণ ব্যান্ডের রূপ পেয়েছে। আমরা নিয়মিত চর্চা করছি। বিভিন্ন কনসার্টে গান করছি।’এখন যাত্রীর সদস্যরা হলেন—শামস (বেস গিটার), সেতু ও বিপু (গিটার), রোমেল (কিবোর্ড), রিয়াদ (ড্রামস) ও তপু (কণ্ঠশিল্পী ও দলনেতা)। তপু বললেন, ‘শুরুতে আমি নিজের কথা, সুর ও কম্পোজিশনে যেসব গান করেছি, পরে তা ব্যান্ডের গান হিসেবে পরিচিত হয়েছে। কিন্তু এখন আমরা সবাই মিলে কাজ করছি। তবে আমাদের কাজটা অনেকের মতো নয়। এই যেমন, ব্যান্ডের সবাই মিলে একটা কম্পোজিশন তৈরি করছেন, পরে আমি তার ওপর কথা ও সুর বসাচ্ছি। ব্যাপারটা একটু উল্টো মনে হতে পারে। কিন্তু আমরা বেশ উপভোগ করছি।’তপু তাঁর গান তৈরির ব্যাপারে জানালেন, এ পর্যন্ত ব্যান্ড এবং নিজের একক অ্যালবামের সবগুলো গানই তিনি তৈরি করেছেন বাসার ছাদের চিলেকোঠায় বসে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।এরই মধ্যে এসেছে তপুর দুটি একক অ্যালবাম—বন্ধু ভাবো কি? ও সে কে?। জানালেন, এবার ঈদের জন্য শুধুই ব্যান্ডের অ্যালবাম করছেন। নামটা এখনো চূড়ান্ত হয়নি। আর তা বের করবে জি সিরিজ।জানালেন, অস্ট্রেলিয়ার সিডনিতে মানারা স্টেডিয়ামে ১০ জুলাই এক কনসার্টে গান করেছেন তিনি। সঙ্গে ছিলেন সামিনা চৌধুরী ও লালন ব্যান্ডের সুমী।