নতুন সাজে প্রমিথিউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের মাঝামাঝি সময়ে যাত্রা শুরু করেছিল প্রমিথিউস ব্যান্ডের ওয়েবসাইট www.prometheustube.com। এবার ওয়েবসাইটটি আরও নতুন করে সাজানো হয়েছে বলে জানিয়েছেন প্রমিথিউস ব্যান্ডের অন্যতম সদস্য বিপ্লব।এ প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘আগামী শনিবার থেকে আমাদের এই সাইটটিতে দর্শনার্থীরা বিভিন্ন কনসার্ট ও ইভেন্টের ভিডিও দেখতে পারবেন। দর্শনার্থীদের জন্য প্রথম উপহার হিসেবে শনিবারে ফ্যান্টাসি কিংডমের কনসার্টটি সরাসরি দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই সাইটের মাধ্যমে ভক্তরা তাদের প্রিয় তারকার সঙ্গে চ্যাটিঙেও অংশ নিতে পারবেন। পাশাপাশি একজন শিল্পীর স্টুডিও থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম তাঁর ভক্তরা সরাসরি দেখতে পারবেন।’ সম্ভাবনাময় ও অভিজ্ঞ শিল্পীদের অ্যালবাম প্রকাশের সুযোগ করে দিতে www.levelzerodb.com নামের আরেকটি ওয়েবসাইটের কার্যক্রমও শুরু করেছে প্রমিথিউস। এ প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘সবাই বলে থাকেন অডিও বাজারে হতাশা। কিন্তু আমি বলব ডিজিটাল প্রযুক্তিতে সম্ভাবনা অনেক। অডিও বাজারের অবস্থা পর্যালোচনা করে শিল্পীদের অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে নতুন মাত্রা www.levelzerodb.com। সম্ভাবনাময় ও অভিজ্ঞ শিল্পীদের অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে যাতে কোনো বাধার সম্মুখীন না হতে হয় তারই একটি প্রয়াস এটি। শিল্পীর স্বনির্ভরতা বৃদ্ধি করাই এটার লক্ষ্য।’ এদিকে সম্প্রতি ঘুড়ি উত্সবকে কেন্দ্র করে প্রমিথিউস ব্যান্ডের ‘বাকাট্টালোট’ শিরোনামের গানটিকে নতুন সংগীতায়োজনে ডিজিটাল প্রযুক্তিতে প্রকাশ করা হয়েছে। www.prometheusbd.com ওয়েবসাইটে গানটি শুনতে পারবেন শ্রোতারা।