নতুন সিঁথি...

চায়ে চিনি খান না সংগীতশিল্পী সিঁথি সাহা। এ তথ্য জানার পর আশপাশের মানুষজন যে ধরনের প্রশ্ন করে সে রকম একটা প্রশ্ন পাশ কাটিয়ে জানতে চাইলাম, মুখে মিষ্টি না পড়লে কি ‘মিষ্টি-মধুর’ গান গাওয়া যাবে?
‘আপনার কোনো ধারণাই নাই আমি কী পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করি এবং খাই। মিষ্টিটা তো এত উপকারী কিছু না। তাই চায়ে চিনি না খাওয়ার মাধ্যমে যতটুকু পারি ক্ষতিটা কমিয়ে নিই।’ হাসতে হাসতে বললেন সিঁথি। গত সোমবার দুপুরের খানিক পর রাজধানীর ধানমন্ডি লেকের একটি রেস্তোরাঁয় বসে কথা হলো তাঁর সঙ্গে। সিঁথি কিছুদিন আগে নিউজিল্যান্ড থেকে ফিরেছেন। একটা গান ও মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। অবশ্যই সেই গানের সিঁথি ছাড়া সবই কলকাতার। লিখেছেন কলকাতার এ সময়ের কবি শ্রীজাত। সুর ও সংগীতায়োজন সংগীত পরিচালক ইন্দ্রদ্বীপ দাশগুপ্তের। গানের ছেলে মডেলও কলকাতার। নির্মাতা ঋক বসুও কলকাতারই। শুটিংও সেখানেই। সব ছাপিয়ে সিঁথি জানালেন সামনের কিছু পরিকল্পনা। কী সেটা? তা জানার আগে সম্প্রতি প্রকাশিত ‘আমি তোমাকে চাই’ শিরোনামের গান ও মিউজিক ভিডিও নিয়ে কথা হলো। নিজের মুঠোফোন বাড়িয়ে দিয়ে বললেন, ‘গানটা দেখেছেন? দেখেন না!’
গান শুরু হওয়ার আগে মিনিট খানেক মডেলের অভিনয়। সেই অভিনয় নিয়ে কিছু একটা বলতে যেতে যেতে গান শুরু হয়ে যায়। যাঁরা গানটি দেখেননি তাঁদের জন্য একটা চমকই বটে। স্বয়ং সিঁথি সাহা নিজেকেই মেলে ধরেছেন এখানে। তিনিই মূল মডেল। স্বাভাবিকভাবে বলি, আপনি তো চাইলে নিয়মিত অভিনয় করতে পারেন।
‘অভিনয় করার অফার নিয়মিত পাই। কিন্তু ওটা আমার খুব বেশি ভালো লাগে না। তাই বলে যে করিনি তা কিন্তু নয়। হুমায়ূন আহমেদ ও মোস্তফা সরয়ার ফারুকীর নাটক এবং অমিতাভ রেজার বিজ্ঞাপনে কাজ করেছি।’
তাহলে তো ভবিষ্যতে আপনাকে ‘নায়িকা’ হিসেবে দেখার সম্ভাবনা প্রবল। সেই ‘প্রবল সম্ভাবনা’ ধানমন্ডি লেকের গাছগাছালির ফাঁক গলে আসা বাতাসে উড়িয়ে দিলেন। কিন্তু বাতাসে মিষ্টি একটা গন্ধের মতো রেখেও দিলেন কিছু একটা। ‘আমার পুরো ধ্যানজ্ঞান গান নিয়ে। ঈদের আগে কমপক্ষে দুটি গানের মিউজিক ভিডিও আসবে। ঈদের পরেও গান নিয়েই থাকব। আর এখন ঢাকা টু নিউজিল্যান্ড করব না। পুরোপুরিই ঢাকায় থাকার পরিকল্পনা।’
তাহলে বাতাসের সেই মিষ্টি গন্ধটা? ‘হ্যাঁ, অভিনয় করব। সেটা যদি সত্যিকারের ভালো কাজ হয়। গতানুগতিক কাজ করার কোনো ইচ্ছে নেই।’
চা শেষ। কথাও। শেষ করার আগে আগে বললেন, ‘আমাকে সবাই সিঁথি সাহা হিসেবে চেনেন। কিন্তু আমাকে কেউ যদি আমার পারিবারিক নাম “লহনা সাহা” ডাকেন খুব ভালো লাগে। যেমনটা ভালো লাগে ইউটিউবে নিজের গানের “ভিউ” হুড়মুড় করে বাড়তে থাকা দেখলে।’