নতুন সেন্সর বোর্ড আসছে
ঈদের পরই নতুন সেন্সর বোর্ড গঠন করা হবে। এরই মধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে নতুন সেন্সর বোর্ডের জন্য সদস্যদের নাম সংগ্রহ করা হচ্ছে।তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমান সেন্সর বোর্ডের মেয়াদ শেষ হয়েছে। নতুন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই সেন্সর বোর্ডকেই কাজ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তথ্য মন্ত্রণালয় নতুন বোর্ড গঠনের জন্য কাজ শুরু করেছে।জানা গেছে, আগের সেন্সর বোর্ডে চলচ্চিত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কোনো সংগঠনের প্রতিনিধিকে না রাখার কারণে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। তবে এবারের বোর্ডে দুটি সংগঠনের প্রতিনিধি রাখার প্রক্রিয়া চলছে।এ ছাড়া নতুন সেন্সর বোর্ড গঠনের প্রক্রিয়ায় চলচ্চিত্র অঙ্গন থেকে যাঁরা সাংসদ নির্বাচিত হয়েছেন, তাঁদের মতামতও নেওয়া হচ্ছে। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ আজ শনিবার সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পরই নতুন সেন্সর বোর্ডের সদস্যদের নাম চূড়ান্ত করবেন।