নতুন সেলে সঞ্জয়
অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তকে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে ১০ নম্বর ব্যারাকের একটি আণ্ডা সেলে রাখা হয়েছিল। ছোট্ট এই কুঠরিতেই থাকতেন পাকিস্তানি জঙ্গি আজমল কাসাব। সম্প্রতি তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিষয়টি জানার পর অস্বস্তিতে ভুগতে থাকেন সঞ্জয়। আইনজীবীর মাধ্যমে তিনি কারাগার কর্তৃপক্ষের কাছে সেল পরিবর্তনের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে নতুন সেলে স্থানান্তর করা হয়েছে তাঁকে। সাধারণত দাগি ও ভয়ংকর অপরাধী কিংবা সন্ত্রাসবাদীদের রাখা হয় ডিমের মতো দেখতে ৮ ফুট বাই ১০ ফুট আয়তনের এই আণ্ডা সেলে। ছোট্ট এই কুঠরির অর্ধেকটা মাটির নিচে। তাই সেখানে ভালো করে আলো ঢোকে না। এখন এই সেলের পাশেই আছেন কুখ্যাত লস্কর জঙ্গি আবু জান্দাল। এদিকে কারাগারে যাওয়ার দুই দিন পর স্ত্রী মান্যতা ও বোন প্রিয়ার সঙ্গে সাক্ষাৎ হয় সঞ্জয়ের। কারাগারে সঞ্জয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁরা। জি মিডিয়া ব্যুরো।