
একটি শ্যাম্পুর পণ্যদূত হিসেবে কাজ শুরু করেছেন সেলেনা গোমেজ। বলুন তো, পণ্যটির প্রচারে অংশ নেওয়ার বিনিময়ে কত টাকা পাবেন যুক্তরাষ্ট্রের এই গায়িকা? আহা, ঠিকঠাক সংখ্যাটা নাহয় না-ই জানলেন, অনুমান করতে তো দোষ নেই। টাকার অঙ্কটা বোধ হয় অনায়াসে আপনার অনুমানকেও ছাড়িয়ে যাবে। শ্যাম্পুর পণ্যদূত হিসেবে ২২ বছরের এই তরুণীর ব্যাংক অ্যাকাউন্টে প্রতিবছর যোগ হবে ২২ কোটি টাকারও বেশি! সংবাদমাধ্যমগুলোতে গুরুত্বসহকারে জায়গা পেয়েছে এই খবর। সেলেনা গোমেজের ভাগ্যটাই এমন। তাঁর মূল চরিত্রের চেয়ে পার্শ্বচরিত্রগুলোই যেন সব সময় বেশি উজ্জ্বল। জাস্টিন বিবারের প্রেমিকা হিসেবে একসময় পত্রিকার কলাম-ইঞ্চি দখল করতেন। ‘বেবি’ গায়কের ‘সাবেক প্রেমিকা’ হিসেবে এখনো তাঁকে ঘিরে ঘটনা-রটনা ছড়ায় হরহামেশা। গায়িকা কিংবা অভিনেত্রী সেলেনাকে লোকে যেন মনেই রাখে না!
তাই বলে সেলেনার ভক্তসংখ্যা কম নয়। ইনস্টাগ্রামে তাঁর ১২ কোটি ফলোয়ারই প্রমাণ করে, নিয়মিত তাঁর খবর রাখতে আগ্রহী অনেকেই। কথা ছিল ২২ জুন মুক্তি পাবে তাঁর নতুন মিউজিক ভিডিও ‘গুড ফর ইউ’। অথচ ২১ জুনই গানটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। টুইটারে সেলেনা জানিয়েছেন, শিগগিরই আসছে তাঁর নতুন অ্যালবাম। এবার আর ‘সাবেক প্রেমিকা’ কিংবা ‘সুন্দরী’ হিসেবে নয়, গান দিয়েই তিনি বাজিমাত করতে চান। ‘গুড ফর ইউ’ মুক্তির পর সেলেনা অবশ্য আবারও পড়েছেন সেই পুরোনো বিপাকে। ভালোবাসায় টইটম্বুর গানটির শিল্পমান বিচারের চেয়ে গানটি কাকে ভেবে গাওয়া, সেলেনার সাবেক প্রেমিক জাস্টিন বিবার নাকি জেড—এই নিয়েই সংবাদমাধ্যমগুলো বেশি সরব!
‘গুড ফর ইউ’ গায়িকার গানের শিক্ষক স্টিভ ম্যাকে অবশ্য নিশ্চিত করেছেন, আসছে নতুন অ্যালবামের গান ভক্তদের হতাশ করবে না। তাঁর নতুন অ্যালবামে থাকবে লেডি গাগা আর কেলি ক্লার্কসনের মিশ্র ছাপ। সেলেনা গোমেজের এক ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমগুলোকে বলেছেন, ‘কিছু গানে নিশ্চয়ই জাস্টিন বিবারের সঙ্গে তাঁর সম্পর্কের প্রভাব পাওয়া যাবে। তবে সেগুলো একজন দুর্বল, হতাশাগ্রস্ত মানুষের গান নয়। বরং দুর্দশা কাটিয়ে নিজেকে ফিরে পাবার গান।’
সেলেনা নিজেও টুইটারে লিখেছেন, ‘...আপনাদের (ভক্তদের) সঙ্গে আমিও বেড়ে উঠেছি। ভেবেই রোমাঞ্চ অনুভব করছি, শিগগিরই আপনাদের দেখাব আমার নতুন অধ্যায়, যার পুরোটাই সত্য। বারবার আমার পুনর্জন্ম হয়েছে। এখন আমি নিজেকে নিয়ে খুশি।’
অ্যালবাম মুক্তির তারিখ এখনো নিশ্চিত হয়নি। তবে টুইটার-ইনস্টাগ্রামে সেলেনার প্রচারপ্রক্রিয়া দেখে মনে হচ্ছে, ভক্তদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। শিগগিরই আসছেন নতুন সেলেনা!
ডেইলি মেইল অবলম্বনে