নতুন ‘রুমালী’ প্রভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদের রুমালী উপন্যাস অবলম্বনে এবার তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক, নাম রুমালী। ১৯ জুলাই থেকে জয়দেবপুরের পাখিরটেক এলাকায় নাটকটির কাজ শুরু করেন পরিচালক অরুণ চৌধুরী। তখন নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন নোভা। অরুণ চৌধুরী বললেন, ‘চার দিন শুটিংয়ের পর হঠাৎ অসুস্থ হন নোভা। চিকিৎসক তাঁকে আপাতত ধুলোবালি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। এদিকে নাটকটি চ্যানেলে জমা দেওয়ার জন্য হাতে সময়ও তেমন নেই। তাই নোভার সঙ্গে আলোচনা করেই এ চরিত্রের জন্য নতুন একজন শিল্পীকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’অরুণ আরও জানান, এরই মধ্যে ‘রুমালী’ চরিত্রের জন্য প্রভাকে চূড়ান্ত করা হয়েছে। প্রভাকে নিয়ে এ মাসের শেষ সপ্তাহ থেকে আবার নতুন করে ধারাবাহিকটির শুটিং শুরু হবে।প্রভা বললেন, ‘উপন্যাসে রুমালীর যে বয়সটা দেখানো হয়েছে, আমিও সেই বয়সেই উপন্যাসটি পড়েছিলাম। তখন রুমালীকে আমি নিজের মধ্যে অনুভব করেছিলাম। এবার সেই চরিত্রটিতে কাজ করতে যাচ্ছি, খুব ভালো লাগছে।’পরিচালক জানান, ধারাবাহিকটির আর কোনো শিল্পীকে পরিবর্তন করা হচ্ছে না। এই শিল্পীদের মধ্যে আছেন সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন, নাজনিন নাজ, মৌটুসি, নিশো, ম আ সালামসহ অনেকে।