নতুন ‘সুপারস্টার’ আনুশকা শর্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ বছর আগের কথা। ‘দিদি তেরা দেবর দিওয়ানা’ তখন মানুষের মুখে মুখে। সেই গানের ছবি হাপ আপকে হ্যায় কৌন মুক্তির পর মাধুরী দীক্ষিতের লাখো-কোটি ভক্তের সঙ্গে যুক্ত হলেন আরও একজন—চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন। শুধু মাধুরীর জন্য তিনি প্রেক্ষাগৃহে গিয়ে হাম আপকে হ্যায় কৌন দেখে ফেললেন ১১২ বার। ফিদার মানসপটে মাধুরী পোর্টেট এখনো অটুট। তবে মাধুরীকে টেক্কা দিতে নতুন মুখের আগমন হয়েছে ফিদার জীবনে। তিনি আর কেউ নন, ২৩-এ পা রাখা পাঁচ ফুট নয় ইঞ্চির দীর্ঘাঙ্গি সুন্দরী আনুশকা শর্মা। দুবাইয়ে পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন মকবুল ফিদা। সেখানেই আনুশকার নতুন ছবি ব্যান্ড বাজা বারাত মনে ধরে যায়। ফলাফল—টানা ১২ দিনে ১২ বার মকবুল ফিদা ঢুঁ মারেন প্রেক্ষাগৃহে। তাঁর ভাষায়, ছবির শ্রুতি চরিত্রে অন্য যেকোনো নায়িকাই অভিনয় করতে পারতেন। তবে আনুশকার মতো চরিত্রটিকে জীবন্ত করে তোলা অন্য কারও পক্ষেই সম্ভব হতো না। শুধু ফিদাই-বা কেন, ফিদার মাধুরীরও একই মত। নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে সোনাক্ষীর সঙ্গে আনুশকাকেই সবচেয়ে বেশি সম্ভাবনাময়ী মনে করেন মাধুরী। ২০০৮ সালে প্রথম ছবি রাব নে বানা দি জোড়ির পর গত বছর আনুশকার দুটি ছবি বদমাশ কোম্পানি ও ব্যান্ড বাজা বারাত মুক্তি পেয়েছে। বিস্মিত সবাই—সব কটি ছবিই হিট। বেঙ্গালুরুর সেনা কর্মকর্তার মেয়ে আনুশকা, যে কিনা অভিনয়ের ‘অ-আ-ক-খ’ কোনো কিছু না শিখেই শাহরুখ খানের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছিলেন, সেই আনুশকার ভাগ্যকে এখন কুর্নিশ করতে চান আরেক সুপারস্টার অক্ষয় কুমার ও পরিচালক নিখিল আদভানি। কাল হো না হো পরিচালক নিখিলের শেষ দুটি ছবি সালাম-ই-ইশক এবং চাঁদনি চক টু চায়না বক্স অফিসে হাবুডুবু খেয়েছে। অক্ষয় কুমারেরও গত বছর খাট্টা মিঠা, অ্যাকশন রিপ্লে, তিস মার খান প্রত্যাশামাফিক সাফল্য পায়নি। বাধ্য হয়ে নিখিল-অক্ষয় এখন তাঁদের নতুন ছবি পাতিয়ালা হাউস-এর জন্য আনুশকার সৌভাগ্যের দিকে তাকিয়ে আছেন। ছবির কাহিনি বাপ-বেটার দ্বন্দ্ব নিয়ে হওয়ায় পাতিয়ালা হাউস-এর পোস্টারে স্বাভাবিকভাবেই রাখা হয়েছিল ঋষি কাপুর-অক্ষয় কুমারকে। কিন্তু ১০ ডিসেম্বর সব হিসাব-নিকাশ পাল্টে যায়। সেদিনই মুক্তি পায় আন্ডারডগ ব্যান্ড বাজা বারাত। ছবির সাফল্যে মাতোয়ারা পুরো বলিউড। নিখিল-অক্ষয়ই বা দূরে থাকেন কী করে? তড়িঘড়ি করে আনুশকাকে দিয়ে নতুন পোস্টার তৈরি করেন। রাব নে বানা দি জোড়ি, বদমাশ কোম্পানি সফলতা পেয়েছিল ঠিক, তবে ব্যান্ড বাজা বারাত মুক্তির পরপরই নায়িকাদের প্রথম সারিতে চলে আসেন আনুশকা। যুক্তি দেখিয়ে কলামিস্ট শোভা দে বলেন, এর আগে আনুশকাকে অভিনয় করতে হয়েছিল শাহরুখ খান, শহীদ কাপুরদের সঙ্গে। তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে নিজের জাত ঠিকই চিনিয়েছিলেন মিস শর্মা। তবে বলিউডের তথাকথিত রীতি অনুযায়ী, শাহরুখ-শহীদের মতো তারকাদের ছাপিয়ে বেরিয়ে আসতে পারেননি আনুশকা। ব্যান্ড বাজা বারাত ছবির নায়ক রণবীর সিং, পরিচালক মনীষ শর্মা দুজনই ছিলেন নতুন। অর্থাৎ পুরো ছবি আনুশকার ঘাড়ে। অগ্নিপরীক্ষা ছিল আনুশকার জন্য—জিততে পারলে কয়েক ধাপ এগিয়ে যাওয়া। আর হেরে গেলে নতুন করে যুদ্ধ শুরু করা। সদয় হয়েছে ভাগ্য, আনুশকা শুধু জিততেই পারেননি; কাজল, ঐশ্বরিয়া, বিদ্যা বালানদের সঙ্গে সব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মনোনয়নও পেয়েছেন। এমনকি বিদ্যা বালানের সঙ্গে অপ্সরা পুরস্কারও ভাগাভাগি করে নিয়েছেন।সদ্যপ্রাপ্ত ‘সুপারস্টার’ খেতাব নিয়ে অবশ্য আনুশকার মাথাব্যথা নেই। তিনি বলেন, ‘ব্যান্ড বাজা বারাত প্রমাণ করেছে, তারকারা ছবি টানে না, ভালো ছবি তারকা তৈরি করে। এই ছবি দেখে অনেককেই বলতে শুনেছি, ইন্ডাস্ট্রিতে এত দিনে একটা দেখার মতো জুটি এসেছে।’ মন্তব্য করে নিজেই তোপের মুখে পড়লেন আনুশকা। শুরু থেকেই বলিউডের বাসিন্দারা সরব রণবীর সিংয়ের সঙ্গে আনুশকার পর্দা এবং পর্দার বাইরের সম্পর্ক নিয়ে। আনুশকা অবশ্য এত দিনে বলিউডের বীজগণিত, পাটিগণিত সব সূত্র রপ্ত করে নিয়েছেন। সুকৌশলী আনুশকার জবাব, ‘রণবীরের সঙ্গে সম্পর্ক যদি নেই বলি, সাংবাদিকেরা তাও প্রশ্ন করবেন, কীভাবে বিচ্ছেদ হলো? নতুন প্রেমিক কে? আর যদি স্বীকার করি, তাও প্রশ্ন করবেন, বিয়ে কবে? সুতরাং ওর সঙ্গে আমার প্রেম আছে কি নেই, উত্তরটা থাকুক না একটু রহস্যের মোড়কে! সময় এলেই সব জানতে পারবেন!’ রুম্মান রশীদ খান, সূত্র: ওয়েবসাইট