কাজী নজরুল ইসলামের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাত নয়টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে এবং বিটিভিতে সংগীত পরিবেশন করবেন ফেরদৌস আরা। কথা হলো তাঁর সঙ্গে।আজ কোন কোন চ্যানেলে গান গাইছেন?একক কিছু গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘প্রিয়তম হে বিদায়’ প্রচারিত হবে চ্যানেল আইয়ে। এ ছাড়া বিটিভিতে ‘অগ্নিবীণা’ নামে আরেকটি অনুষ্ঠান সঞ্চালনা করেছি। পাশাপাশি গানও করেছি। এই অনুষ্ঠানে অন্য শিল্পীরাও গান গেয়েছেন। আপনার গানের স্কুল ‘সুর সপ্তক’ কি বিশেষ কোনো অনুষ্ঠান করছে?সারা বছরই নজরুলকে নিয়ে নানা ধরনের কার্যক্রম ও অনুষ্ঠান করে সুর সপ্তক। এবারও করবে। এ ছাড়া বিটিভির ‘অগ্নিবীণা’ অনুষ্ঠানে সম্মিলিত সংগীত পরিবেশন করবে। নজরুলের গানের প্রচার-প্রসার নিয়ে পরিকল্পনা কী?বিভিন্ন সময়ে টিভিতে প্রচারিত আমার গাওয়া নজরুলসংগীতগুলোকে একত্র করছি। শিগগিরই হয়তো ডিভিডি আকারে প্রকাশ করব। সুর সপ্তকে নতুনদের নিয়ে কাজ করছি। নজরুলের গান ওদের ভীষণ উদ্দীপ্ত করে। অনুপ্রেরণা জোগায়। শেখার আগ্রহও রয়েছে। এ ছাড়া নজরুল ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে কাজ করছি। নজরুলসংগীতের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও ক্লাস নিই। নতুন প্রজন্মের শিল্পীদের গাওয়া নজরুলসংগীত কেমন লাগে?নানা রকম বাদ্যযন্ত্র ও নতুন প্রযুক্তি ব্যবহার করে নতুনেরা নজরুলসংগীত গেয়েছে। ব্যান্ডশিল্পীরাও এখন নজরুলসংগীত গাইছেন। এটি খুব আনন্দ দেয় আমাকে। ওদের মাঝেই নজরুল বেঁচে থাকবেন। তা না হলে নজরুলের গান হারিয়ে যাবে। নতুনদের এই আগ্রহকে ইতিবাচক মনে করি। সে কারণে ওদের সঙ্গে থাকতে হবে। উৎসাহ দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন বাণী ও সুর সঠিক থাকে। নজরুলের বাণী ও সুরকে বিকৃত করা যাবে না।