নতুনদের কণ্ঠে কুমার বিশ্বজিতের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপক আসিফ ইকবাল প্রশ্ন করলেন কুমার বিশ্বজিৎকে, ‘কেমন লাগছে এ অনুষ্ঠানে আসতে পেরে? যেখানে নবীনেরা আপনারই গান গাইছে?’ উত্তরে কুমার বিশ্বজিৎ একটু রসিকতা করেই বললেন, ‘ভালো লাগছে এ ভেবে যে এই বয়সেও আমি এসব ছেলেমেয়ের সঙ্গে পাল্লা দিতে পারছি।’ বাংলাভিশনের জন্য নির্মিত ‘একই সীমান্তে’ অনুষ্ঠানে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন শিল্পী কুমার বিশ্বজিৎ। তাঁর এ কথায় সেখানে উপস্থিত অন্যরাও সায় দিলেন। বললেন, ‘আসলেই কুমার বিশ্বজিৎ চির নবীন, চির সবুজ এক শিল্পী।’ এ অনুষ্ঠানে কুমার বিশ্বজিতের সহশিল্পী হিসেবে গান গাইবেন ক্লোজআপ ওয়ান তারকা রন্টি দাস, কিশোর, সাব্বির ও পুলক। নবীন এ শিল্পীরা কুমার বিশ্বজিতের গাওয়া জনপ্রিয় গানগুলো গেয়েছেন শিল্পীর কণ্ঠে কণ্ঠ মিলিয়েই। এসব গানের মধ্যে রয়েছে, ‘এখন অনেক রাত’, ‘সুখ ছাড়া দুখ,’ ‘দরদিয়া’ ও ‘প্রেমের মানুষ’ শিরোনামের গানগুলো। এ অনুষ্ঠানে কুমার বিশ্বজিৎও গেয়েছেন দুটি গান। সেগুলো হলো—‘ছোট ছোট আশা’ ও ‘মা’। ১১ নভেম্বর সন্ধ্যায় বাংলাভিশনের নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।