নতুনদের নতুন ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ফেসবুকে শবনম ফারিয়ার দুই লাখ, সুজানা আর ইমরানের দেড় লাখ, স্পর্শিয়া ও পরীমনির সোয়া লাখ এবং তানজিন তিশার এক লাখ করে ফলোয়ার। ফ্যান পেজ আর প্রোফাইল মিলে এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ। এই তারকাদের সাইটে ঈদের আনন্দ ভাগাভাগি ছিল একটু বেশি। এর বাইরে তাঁদের ঈদ ছিল অন্য অনেকের চেয়ে আলাদা। নতুন এই তারকাদের নতুন ঈদ নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন আলম বিশ্বাস।
হেলিকপ্টারে পরীমনি
হেলিকপ্টারে পরীমনি

হেলিকপ্টারে নানাবাড়ি
পরি উড়বে, কথা তো তেমনই। তবে চিত্রনায়িকা পরীমনি উড়াল দিলেন হেলিকপ্টারে করে, নানাবাড়ি বরিশালে। এবার কোরবানির ঈদ তিনি সেখানেই উদ্যাপন করেছেন। আর সবাইকে চমকে দিতে হেলিকপ্টার করে হাজির হন নানাবাড়িতে। তবে অন্য একটা কারণও ছিল, সময় বাঁচানো।
পরীমনি বললেন, ‘আকাশে উড়াল দেওয়ার পর সব অন্য রকম লাগছিল। ওপর থেকে গরুর হাট দেখে খুব মজা পেয়েছি।’
হেলিকপ্টার থেকে নামার পর পরীমনিকে দেখতে ভিড় জমে যায়। সবাই এসেছিলেন হেলিকপ্টার আর নায়িকাকে দেখতে।

শবনম ফারিয়া
শবনম ফারিয়া

প্রথম কোরবানি
বাসা থেকে নোটিশ জারি হয়েছে। এবার শবনম ফারিয়ার রক্ষা নেই, বাসায় ঈদের কাজে হাত লাগাতে হবে। আর কোরবানি দিতে হবে। ফারিয়া বললেন, ‘দ্বিতীয় শর্তে রাজি। কিন্তু প্রথমটা একেবারেই সম্ভব নয়। কারণ ঈদে অনেক নাটকের কাজ। ঈদের আগের দিন পর্যন্ত কাজ করতে হয়েছে।’ আর দ্বিতীয় শর্ত মতে, এবার ফারিয়া প্রথম নিজের টাকায় কোরবানি দিয়েছেন। জানালেন, বাবা দিয়েছেন গরু আর তিনি ছাগল কোরবানি দিয়েছেন। গরু আর ছাগল কেনার দায়িত্ব ছিল বাবার ওপর।
ফারিয়া বলেন, ‘বাবা ঈদের আগে আমাকে বলেন, আমার যে আয় তাতে কোরবানি দিতেই হবে। এটাই হওয়া উচিত। আমি সঙ্গে সঙ্গে বাবার হাতে টাকা তুলে দিয়েছি। আর প্রথম কোরবানি দিয়েছি, এটা বেশ ভালো লেগেছে।’

প্রতিবন্ধীদের সঙ্গে সুজানা
প্রতিবন্ধীদের সঙ্গে সুজানা

তাদের সঙ্গে
প্রতিবন্ধীদের সঙ্গে এর আগেও সময় কাটিয়েছেন অভিনয়শিল্পী ও মডেল সুজানা। এবার ঈদও তিনি ভাগাভাগি করেন তাদের সঙ্গে। ঈদের দিন অনেকটা সময় সঙ্গ দিয়েছেন এই শিশুদের। সুজানা বললেন, ‘এটা করে আমি বেশ তৃপ্তি পাই। একধরনের দায়বদ্ধতা থেকে কাজটি করছি। বাবাকেও দেখেছি, তিনি এ ধরনের কাজ করতেন। তাকে দেখেই আমি উদ্বুদ্ধ হয়েছি।’
জানালেন, ঈদের পরদিনও তিনি অন্য একটি সংগঠনের হয়ে প্রতিবন্ধীদের সঙ্গে সময় কাটিয়েছেন। আর শুধু উৎসব নয়, অন্যান্য দিনও সুজানা প্রতিবন্ধীদের পাশে থাকেন।

স্পর্শিয়া ও রাফসান আহসান
স্পর্শিয়া ও রাফসান আহসান

বাঁধভাঙা আনন্দ
স্পর্শিয়ার ঈদটা ছিল অনেকের চেয়ে একটু বেশি উত্তেজনাপূর্ণ। কারণ, ঈদের দুদিন আগে তাঁর বাগদান হয়েছে। নবীন নির্মাতা রাফসান আহসানের সঙ্গে আংটি বদল করেছেন তিনি। বিয়ের আগেই নতুন একটি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের দিন সময় কাটিয়েছেন স্পর্শিয়া। আর এখন চলেছে বিয়ের প্রস্তুতি।
স্পর্শিয়া বললেন, ‘একটি অনলাইন শপের ভিডিওচিত্র নির্মাণের সময়ই রাফসানের সঙ্গে আমার খুব চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। এরপর আমাদের বন্ধুত্ব হয়। আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক বলার চেয়ে বন্ধুত্বের সম্পর্ক বলাই ভালো। রাফসানের পরিবার আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব নিয়ে আসে আমার পরিবারের কাছে। দুই পরিবারের আয়োজনে সবকিছু হয়েছে।’
শিগগিরই বিয়ে হবে তাঁদের। দুজন নতুন কাজের ক্ষেত্রেও জুটি হিসেবে আসতে চান। নতুন প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার ইচ্ছে তাঁদের।

তানজিন তিশা
তানজিন তিশা

ঘুমের ঈদ
ঈদের আগের রাত পর্যন্ত ঈদের নাটকের শুটিং। তাই ঈদের দিন সব কাজ বাদ দিয়ে শুধু ঘুমিয়েছেন তানজিন তিশা। মাঝে একটু বিরতি। দুপুরে এফএম রেডিওতে শ্রোতাদের সঙ্গে সরাসরি আড্ডা দিয়েছেন। এরপর বাসায় ফিরে আবার ঘুমে ডুব।
তানজিন তিশা কারণটা তুলে ধরলেন এভাবে, ‘এবার ঈদে আমি অনেকগুলো নাটক আর টেলিছবিতে কাজ করেছি। তাই ঈদের আগের রাত পর্যন্ত কাজ করতে হয়েছে। খুব অল্প সময়ে এতগুলো কাজ করতে হয়েছে। তাই ঘুমের সঙ্গে যোগ হয়েছিল ক্লান্তি।’
তিশা এবার ঈদে ১১টি নাটক আর টেলিছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে আছে তিনটি সাত পর্বের ধারাবাহিক, ছয়টি নাটক ও দুটি টেলিছবি।