বছরব্যাপী একটি প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও শিল্পকলা একাডেমী। এই উৎসবে জুন মাসের জন্য জমা পড়েছিল নতুন নির্মাতাদের অনেকগুলো সিনেমা। সেখান থেকে নির্বাচিত সাতটি সিনেমা দেখানো হয়েছে গতকাল।
গতকাল বিকেল থেকে শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে এ সিনেমাগুলো দেখতে এসেছিলেন অনেক দর্শক। প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল আমিনুর রহমানের অবরোধ, শ্রাবন্ত হাবিবের স্মৃতিময় বাড়ির মৃত্যু, হাসান আশিক রহমানের ঢাকা ২০১২, আরাফাতুর রহমানের বিবর্তন, সাজ্জাদ হোসেনের নিপাতনে সিদ্ধ এবং সাজ্জাদ হোসেনের প্রামাণ্যচিত্র বাঁশ পাগলা। সন্ধ্যা সাড়ে সাতটায় দেখানো হয় আকরাম খানের পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ঘাসফুল।
আগামী ১ থেকে ১০ জুলাইয়ের মধ্যে আবারও নতুন চলচ্চিত্র জমা দিতে পারবেন নবীন নির্মাতারা। সেগুলো থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলো নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।