নতুনরূপে এলআরবি

ভক্ত-শ্রোতাদের কাছে নতুনরূপে এসেছেন বাংলাদেশের রক লিজেন্ডখ্যাত আইয়ুব বাচ্চু ও তাঁর ব্যান্ড এলআরবি। এরই মধ্যে নিজেদের গাওয়া সেরা গানের সংকলন নিয়ে একটি ডিজিটাল অডিও অ্যালবাম প্রকাশ করেছে এলআরবি। আর অ্যালবামটি নিয়ে এসেছে মুঠোফোন প্রতিষ্ঠান রবি। রবির এই আয়োজনের মধ্য দিয়ে এই প্রথম আইয়ুব বাচ্চু ও এলআরবি কোনো মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলো।
এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘ডিজিটাল এ অ্যালবামটির বিশেষ গুরুত্ব রয়েছে। আর তা হচ্ছে প্রতিটি গানের আগে ও পরে গানগুলো তৈরির গল্প শ্রোতাদের কাছে তুলে ধরা হয়েছে। এতে প্রতিটি গানের সঙ্গে রয়েছে কী করে গানটির পরিকল্পনা হয়েছিল, অনুপ্রেরণা কী, গানটি রেকর্ড হওয়ার সময়কার নানা স্মৃতি।’
এলআরবির এই ডিজিটাল অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘বাংলাদেশ’, ‘মাধবী’, ‘নীরবে’ প্রভৃতি। অ্যালবামটির আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গানগুলো পুরোপুরি নতুন সংগীতায়োজনে করা হয়েছে। এমনকি আইয়ুব বাচ্চু পুরোনো গানগুলোকে নতুন করে গেয়েছেনও।
অ্যালবামটি প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘এটা ছিল এলআরবির ভক্তদের জন্য ঈদ উপহার। গানগুলো নতুন সংগীতায়োজনে শুনতে সবারই ভালো লাগবে বলে আশা করি। আর পাইরেসির এ সময়ে এটাকে নতুন উদ্যোগ হিসেবেও দেখা যেতে পারে।’
এদিকে নতুনরূপে পুরোনো গানের ঈদ উপহারের পাশাপাশি নতুন অ্যালবামের জন্য গান তৈরিতেও ব্যস্ত এলআরবি। এরই মধ্যে ‘রাখে আল্লা মারে কে’সহ বেশ কিছু ভিন্ন মাত্রার গান তৈরি হয়েছে এবি কিচেন রেকর্ডিং স্টুডিওতে।
যেকোনো রবি গ্রাহক ৮০৮০৫ নম্বরে ডায়াল করে পুরো অ্যালবামের গান শুনতে পারবেন। এমনকি রিংব্যাক টিউন হিসেবে সেট করতে পারবেন। তবে কোনো গান ডাউনলোড করা যাবে না।