নতুনরূপে মাজনুন মিজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খসরু ভাই এবং কয়েকটি নীলপদ্ম’ শিরোনামের টেলিছবিতে নতুনরূপে দেখা যাবে অভিনয়শিল্পী মাজনুন মিজানকে। শামীম আহমেদের রচনা ও পরিচালনায় এই টেলিছবিতে একেবারে ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করেছেন বলে জানিয়েছেন তিনি।মাজনুন মিজান বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই আমি নাটকের সঙ্গে যুক্ত আছি। জীবিকার প্রয়োজনে অনেক মানহীন নাটকেও অভিনয় করতে হয়েছে। কিন্তু এক বছর ধরে সেই অবস্থান থেকে পুরোপুরিই সরে এসেছি। এখন আর বেঁচে থাকার জন্য নাটকের কাজ করতে হচ্ছে না। তাই এক বছর ধরে ভালো মানের কিছু ধারাবাহিক, এক ঘণ্টার নাটক এবং টেলিছবির কাজ শেষ করেছি। সে রকম একটি টেলিছবি “খসরু ভাই এবং কয়েকটি নীলপদ্ম”।’মিজান এ-ও বলেন, ‘এই টেলিছবিতে আমার চরিত্রটি বাকের ভাই চরিত্রের আধুনিক রূপ বলে মনে হয়েছে। একেবারেই নতুন একটি রূপ, যা দর্শক আমার নাটকগুলোতে আগে কখনো দেখেনি। শুধু এটুকুই বলব, টেলিছবিটি না দেখলে বিষয়টি কেউ বুঝতে পারবেন না।’ ‘খসরু ভাই এবং কয়েকটি নীলপদ্ম’ টেলিছবিটি আজ রাত সাড়ে আটটায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। এতে মাজনুন মিজানের বিপরীতে অভিনয় করেছেন সোহানা সাবা। এদিকে মাজনুন মিজান খুব শিগগির নতুন ছয়টি ধারাবাহিক নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। নাটকগুলো হলো: মাহফুজ আহমেদের ‘মাগো তোমার জন্য’, বদরুল আনাম সৌদের ‘ইট কাঠের খাঁচা’ ও ‘ভূতের গল্প’, অঞ্জন আইচের ‘চন্দ্রাবতী’, শামীম আহমেদের ‘ফুল (বোকা) ফ্যামিলি’, তুহিন অবন্তের ‘করপোরেট’ এবং গৌতম কৈরির ‘কাছের ক্যানভাস’। এ ছাড়া সম্প্রতি পাঁচটি এক ঘণ্টার নাটকের শুটিংও শেষ করেছেন মাজনুন মিজান। এগুলো হলা: হাসান মোরশেদের ‘রাজ ডুগি বৃষ্টিতে গল্প’, জুয়েল রানার ‘ওপারে অসীম আকাশ’, সাগর জাহানের ‘আংটি’, হাসিবের ‘ইনপ্যাচুয়েশন’ ও রাসেলের ‘কে তুমি’। নাটকগুলোতে মাজনুন মিজানের সহশিল্পীরা হলেন মৌসুমী, তিশা, মৌ, ফারাহ রুমা, মিম ও তানজিকা।