
প্রশান্ত মহাসাগরের দক্ষিণে ওশেনিয়া। যেন আরেকটা দুনিয়া। মোয়ানা নামের একটি মেয়ে সেখানকারই বাসিন্দা। নৌ-চালনায় দক্ষতা বা প্রতিভা তার জন্মগত! অবিশ্বাস্য এক যাত্রায় সে অংশ নেয় মাউয়ির সঙ্গে। সে মোয়ানার স্বপ্নের নায়ক, স্থানীয় লোককথায় তার মর্যাদা প্রায় দেবতাসম। অকুতোভয় মোয়ানার দল পাড়ি দেয় উত্তাল মহাসমুদ্র। দুঃসাহসী এক অভিযাত্রায় তারা মুখোমুখি হয় সুবিশাল সব সামুদ্রিক প্রাণীর। রুদ্ধশ্বাস এই কাহিনিতে আরও আছে সাগরতল এবং সুপ্রাচীন লোকগাঁথার সমাহার।
এই গল্প হলিউডের সাম্প্রতিক আলোচিত অ্যানিমেশন চলচ্চিত্র মোয়ানার। ডিজনির এই ছবিতে রন ক্লিমেন্টস ও জন মাস্কারের পরিচালনায় কণ্ঠ দিয়েছেন ‘দ্য রক’ হিসেবে খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন, জেমিন ক্লেমেন্ট, নিকোল শোয়ার্জিনার প্রমুখ। যুক্তরাষ্ট্রে গত ২৩ নভেম্বর মুক্তি পাওয়ার পর থেকে ভালো ব্যবসা করেছে ছবিটি। থ্যাংকসগিভিং ডে উপলক্ষে মুক্তি পাওয়ার পর মাত্র পাঁচ দিনে আয় করেছে ৮ কোটি ১১ লাখ মার্কিন ডলার, যা কিনা এ বছরের রেকর্ড হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ।
ডিজনির বিপণনপ্রধান ডেভ হোলিস বলেছেন, তাঁরা ভালো কিন্তু সংখ্যায় কম চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। মোয়ানার সাফল্যে প্রমাণ হয়েছে, সিদ্ধান্তটি সঠিক।
শক্তিশালী নারী চরিত্রকে প্রাধান্য দিয়ে আরেকটি ছবি বানিয়ে দেখাল ডিজনি। একসময় দেখা যেত এ রকম ছবির নায়িকারা অপেক্ষা করছেন, কবে এসে তাঁদের রক্ষা করবেন নায়কেরা—সেই জন্য। এখন সবকিছু বদলেছে। মোয়ানার মতো নারীরা নিজেদের দেখভাল করতে পারদর্শী তো বটেই, গোটা দলের জন্যও সাহস সঞ্চার করতে পারে। অ্যানিমেটেড চলচ্চিত্রগুলোর মধ্যে মোয়ানা কেবলই প্রেমের গল্প নয়, এখানে মেয়েটির যাত্রা আত্ম-অনুসন্ধানের, স্বামী সন্ধানের নয়।
অ্যানিমেশন চলচ্চিত্রের দুনিয়ায় পরিবর্তনের এই যুগে মোয়ানা একমাত্র উদাহরণ নয়। ফ্রোজেন, জুটোপিয়া এবং ব্রেভ ছবিগুলোও ব্যতিক্রমী উদাহরণ তৈরি করে দিয়েছে। এসব ছবির কাহিনির কেন্দ্রে রয়েছেন নারী ও তরুণীরা—সামর্থ্য ও বুদ্ধিমত্তায় তাঁরা অদম্য, নিবেদিতপ্রাণ এবং পুরুষের চেয়ে কোনো অংশেই কম নন। আর মোয়ানার গল্পে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চলের মানুষ প্রাধান্য পেয়েছে। সিন্ডারেলা বা বিউটি অ্যান্ড দ্য বিস্ট-এর তুলনায় এই ব্যতিক্রম নিঃসন্দেহে স্বাগত জানানোর মতো।
আশিস আচার্য
ভ্যারাইটি, ফরচুন ও মুভি ইনসাইডার অবলম্বনে