নতুনের কণ্ঠে নজরুল
বিপাশা গুহঠাকুরতা, ছন্দা চক্রবর্তী, বিজনচন্দ্র মিস্ত্রী ও শহীদ কবির— নজরুলসংগীতের এ সময়ের চার শিল্পী। নজরুলসংগীত ঘিরেই তাঁদের ধ্যান, জ্ঞান ও যত ভাবনা। নতুন প্রজন্মের চার শিল্পীকে নিয়ে আনন্দ আড্ডারোববার দুপুরে প্রথম আলো কার্যালয়ে এক এক করে আসেন বিপাশা গুহঠাকুরতা, শহীদ কবির, এরপর ছন্দা চক্রবর্তী ও বিজনচন্দ্র মিস্ত্রী। শুরুতেই ছিল আমন্ত্রিত চার শিল্পীর পরিচয় জানার পালা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন বিপাশা গুহঠাকুরতা। নজরুলসংগীতের ওপর সার্টিফিকেট কোর্স করেছেন সংগীত ভবনে। নজরুল ইনস্টিটিউট থেকে করেছেন ডিপ্লোমা। গান শিখেছেন সুধীন দাশ, নীলুফার ইয়াসমীন, সুমন চৌধুরী ও অনিল কুমার সাহার কাছে। ছন্দা চক্রবর্তী উচ্চতর পড়াশোনা করেছেন প্রাণিবিদ্যার ওপর। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীতের ওপর এমফিল করছেন। গান শেখার শুরু টাঙ্গাইলে। শুরুতে রতন অধিকারী এবং পরে শিখেছেন সুধীন দাশ ও তৌহিদুল ইসলামের কাছে। সময়-সুযোগ পেলেই যান ফিরোজা বেগমের কাছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খণ্ডকালীন শিক্ষক বিজনচন্দ্র মিস্ত্রী। শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে সংগীতের ওপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন। গান শিখেছেন ছায়ানটে। পাস করার পর ২০০১ সাল থেকে শিক্ষকতা করছেন এখানেই। আর শহীদ কবিরের পড়াশোনা পদার্থবিদ্যায়। তিনি এখন বনানী বিদ্যানিকেতনের শিক্ষক। গান শিখেছেন বুলবুল ললিতকলা একাডেমিতে। নজরুল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করেছেন। গান শিখেছেন সুধীন দাশ ও সোহরাব হাসানের কাছে। এরপর ১২ বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছেন নজরুল ইনস্টিটিউটে। বেঙ্গল বিকাশ প্রতিযোগিতায় আধুনিক গান ও নজরুলসংগীতে প্রথম হয়েছিলেন। সম্প্রতি পেয়েছেন সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার।এ চারজনের কাছে জানতে চাওয়া হয়েছিল নজরুলের গান বেছে নেওয়ার কারণ। বিপাশা বলেন, শাস্ত্রীয় সংগীত শেখার ব্যাপারে শুরু থেকেই পরিবার থেকে উৎসাহ পেয়েছেন। অন্য যেকোনো গানের চেয়ে নজরুলের গানে শাস্ত্রীয় সংগীতের যথেষ্ট বেশি প্রভাব রয়েছে। তাই ছোটবেলা থেকেই নজরুলের গান শেখা ও চর্চা শুরু হয় তাঁর।ছন্দা জানান, ছোটবেলায় তিনি অন্য গান করতেন। বিটিভির নতুন কুঁড়ি ও অগ্নিবীণা প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। ওই সময় সুধীন দাশ তাঁর মাকে অনুরোধ করেন, মেয়েকে যেন নজরুলের গানই শেখানো হয়। সেই থেকে শুরু। বিজনচন্দ্রের প্রতি তাঁর বাবার একটাই কথা, ‘গান যদি শেখো, তাহলে নজরুলের গানই শিখতে হবে।’ কারণ, তাঁর বিশ্বাস, যে নজরুলের গান গাইতে পারবে, অন্য যেকোনো গান তার জন্য কোনো ব্যাপার নয়। বুলবুল ললিতকলা একডেমিতে তৃতীয় বর্ষে গান শেখার সময়ই বিটিভিতে নজরুলসংগীতের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন শহীদ কবির। ‘এমন কোনো দিক নেই, যা নজরুল তাঁর গানে স্পর্শ করেননি।’ বিজনের এই কথা প্রসঙ্গে ছন্দা বলেন, ‘নজরুলের গান যদি কেউ অনুভব করতে না পারে, এর ভেতরে না ঢোকে, তাহলে এর গভীরতা টের পাবে না।’ নজরুলে সব গানই তাঁদের ভালো লাগে। তবে বিশেষ কোনো গানের কথা উঠতেই ছন্দার পছন্দ ‘আমার শ্যামা নামের লাগল আগুন’, শহীদ কবিরের ‘আমার পরদেশী বঁধুয়া’, বিজনের ‘আমার আপনার চেয়ে আপন যে জন’ আর বিপাশার পছন্দ নজরুলের শ্যামা ও ভজন অঙ্গের গান।তাঁরা চারজন নজরুলের গান শেখানোর সঙ্গেও জড়িত। সেই দৃষ্টিকোণ থেকে জানালেন, নজরুলের গান শেখা ও শোনার ব্যাপারে নতুনদের নাকি যথেষ্ট আগ্রহ। এখন প্রয়োজন সঠিক দিকনির্দেশনা। দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নজরুলের একটি গান (ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি) শেখানোর উদ্যোগ নিয়েছে নজরুলসংগীত শিল্পী পরিষদ। শহীদ কবির বলেন, ‘আমি গিয়েছিলাম স্কলাস্টিকা স্কুলে। সেখানে প্রায় সাড়ে তিন শ ছাত্রছাত্রীকে শেখানো হয় গানটি। শেষ করার পর তারা আবারও গানটি করার জন্য অনুরোধ করে।’ বিপাশা গিয়েছিলেন হলিক্রস স্কুলে। তিনি বলেন, ‘ওখানে সকালের শিফটের শুধু নবম ও দশম শ্রেণীর মেয়েদের শেখানো হয়েছে গানটি। এটা জানতে পেরে দুপুরের শিফটের সব মেয়ে গানটি শিখতে এসেছে।’ছন্দা বলেন, ‘সমস্যা অভিভাবকদের নিয়ে। তাঁরা সন্তানদের রাতারাতি তারকা বানাতে চান। গান যে গুরুমুখী বিদ্যা এবং নিয়মিত ও দীর্ঘ সময় চর্চার ব্যাপার—এটা বুঝতে চান না। তাই কেউ কেউ তারকা হচ্ছে ঠিকই, আবার রাতারাতি ঝরেও যাচ্ছে; কেউ শিল্পী হচ্ছে না। এসব ছেলেমেয়ে যদি শাস্ত্রীয় সংগীতের চর্চা করে, শুদ্ধ সংগীত শেখে, তাহলে আমাদের গানের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে।’বিজন ছাড়া বাকি তিনজনের গাওয়া নজরুলসংগীত নিয়ে বেরিয়েছে অডিও অ্যালবাম। শহীদ কবিরের পরদেশী বঁধুয়া, বিপাশার প্রথম মনের মুকুল আর ছন্দার বরণ করেছি তারে। ঘণ্টা খানেকের আড্ডাজুড়ে ছিল নজরুলের গান আরও জনপ্রিয় করা এবং এর প্রসার ঘটানোর জন্য শিল্পীদের নানা আকুলতার কথা। বিপাশা বলেন, ‘এখন এত চ্যানেল, সেগুলোতে নানা গানের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সেখানে নজরুলের গান নেই। সরাসরি অনুষ্ঠানগুলোতেও নজরুলের গান থাকছে উপেক্ষিত।’ বিজন বলেন, ‘বিটিভিতে নজরুলের গানের দুটি অনুষ্ঠান হয়—সন্ধ্যামালতী আর দোলনচাঁপা। দুটিই প্রচারিত হয় দুপুরবেলা। ওই সময় কজন তা দেখতে পারে?’ শহীদ কবিরের অভিযোগ আরও গুরুতর। বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় এবার নাকি ২৪ দিন রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান হয়েছে। আর এক দিন ছিল নজরুলের গান। সেদিন আবার ছিল বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ বনাম ভারতের খেলা। গানের ওখানে কোনো দর্শক-শ্রোতা ছিল না। এর পরও নতুন প্রজন্ম নজরুলের গানের ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী। নজরুলের গানের আরও নতুন শিল্পী তৈরি হবে—এমনটাই স্বপ্ন তাঁদের।