নতুনের পদধ্বনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতাঙ্গনে এখন অনেক নতুন মুখের পদচারণ। পারভেজ, আবিদা করিম, প্রিয়াংকা গোপ ও বিজন চন্দ্র মিস্ত্রী এমনই চার প্রিয় মুখ। অনেকেই মনে করেন, সম্ভাবনাময় এই চার শিল্পী ভবিষ্যতে সংগীতের দীর্ঘপথে হেঁটে যাওয়ার যোগ্যতা রাখেন। এই চার সংগীতপ্রতিভাকে নিয়ে আয়োজন।পারভেজকে দিয়ে শুরু করা যাক। কখনো পাঞ্জাবি, কখনো ফতুয়া পরা পারভেজকে শ্রোতারা আবিষ্কার করেন তাঁর ‘যাবি যদি চলে দূর অজানায়’ গানটি শোনার পর। এর আগপর্যন্ত তিনি ছিলেন একদমই অপরিচিত। এফএম রেডিওর কল্যাণে অনেক শ্রোতার মুখে মুখে এখন পারভেজের গান। গানটি ভালো লাগার কারণ কী? এমন প্রশ্ন করা হয়েছিল বিশ্ববিদ্যালয়পড়ুয়া বেশ কয়েকজন এফএম শ্রোতাকে।সবার একই কথা, পারভেজের গায়কি, ভিন্ন স্বাদের কণ্ঠ এবং কথা ও সুরের বৈচিত্র্য। হূদয় মিক্স-এ গাওয়া ‘যাবি যদি’ ছাড়াও একই অ্যালবামের ‘এ জীবন’ গানটিও দারুণ জনপ্রিয়।একটি বা দুটি গানের জনপ্রিয়তা দিয়েই একজন শিল্পীর মূল্যায়ন সম্ভব নয়। বলা দুরূহ, তিনি দীর্ঘদিন টিকে থাকবেন কি না। কারণ, অনেকেই একটি-দুটি গানে জনপ্রিয়তা পেলেও পরবর্তী সময়ে তাঁদের আর খুঁজে পাওয়া যায় না। তবে পারভেজকে নিয়ে অনেকেই আশাবাদী। তাঁরা মনে করেন, এই শিল্পী সংগীত শিখে ও চর্চা করে গান করছেন, তিনি টিকে যাবেন।এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক শেষ করা পারভেজের ভাষ্যটা শোনা যাক, ‘আসলে সংগীতকে অন্তর দিয়ে ভালোবাসি। সেই ছোটবেলা থেকে গানের সঙ্গে বেড়ে ওঠা। চেষ্টা করছি ভালো গান গাইতে। জনপ্রিয়তা নয়, শ্রোতাপ্রিয় হয়ে থাকাটাই আমার লক্ষ্য। বাংলা গানকে আরও সমৃদ্ধ করার স্বপ্ন আমার।’গিটার হাতে একটা সময় নচিকেতার গানে ডুবে থাকলেও স্বকীয় কণ্ঠ দিয়েই শ্রোতার মন জয় করা পারভেজ এখন বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। ২০০৯ সালের এপ্রিলে (পয়লা বৈশাখ) বাজারে আসে পারভেজের প্রথম একক অ্যালবাম পথ। এখন ২০১১ সালের এপ্রিলে (পয়লা বৈশাখ) দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে আসার কাজে ব্যস্ত তিনি। এরই মধ্যে অনেক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন পারভেজ। অপেক্ষা চলচ্চিত্রে দর্শক তাঁকে দেখতে পাবে বাউলের বেশে গান গাইতে। এ ছাড়া রূপ গাওয়াল ও ৬৯ পাতলা খান লেন চলচ্চিত্রের শিরোনাম সংগীতটিও তাঁর গাওয়া।পারভেজের মতো আবিদা করিমও শ্রোতার মন জয় করেছিলেন একটি গানে, ‘প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে রাঙা মেঘের মতোন, বসে আমার আকাশজুড়ে’। চমৎকার গীতিকাব্য রচনা এবং তাতে সুরের অলংকারটাও পরালেন নিজেই। ঝালমুড়ি-১ অ্যালবামে ‘প্রজাপতি’ শিরোনামে গানটি পেল শ্রোতারা। এফএম রেডিওর কল্যাণে ‘প্রজাপতি’ গানটি চলে আসে শ্রোতার মুখে মুখে। তাদের হূদয়ে আসীন হন আবিদা করিম।তার পরও সংশয় থেকে যায়। আর সেই সংশয় থেকে নিজেকে টেনে তুলে ধরেন আবিদা ফিরে এসো বেহুলা চলচ্চিত্রে তাঁর গাওয়া ‘ভালোবাসা আমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক’ গানটি দিয়ে। জানিয়ে দেন তাঁর সংগীতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রস্তুতির কথা।পারভেজের মতো আবিদার কণ্ঠেও শ্রোতারা পেয়েছে কথায় ভিন্নতা, সুরে নতুনত্ব এবং গায়কিতে বৈচিত্র্য।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্বে স্নাতক শেষ করা আবিদার সাম্প্রতিক সংগীত নিয়ে ব্যস্ততার কথা জানতে চাওয়া হয়েছিল। ‘নতুন বছরের মাঝামাঝি সময় আমার প্রথম একক অ্যালবামটি বের করার প্রস্তুতি নিচ্ছি। অ্যালবামের গান লেখা, সুর ও সংগীতায়োজন—সবই থাকবে আমার।’আধুনিক থেকে বেরিয়ে আমরা একটু নজর দিই শুদ্ধ সংগীতচর্চায়। সেখানে আমরা পাই বিজন চন্দ্র মিস্ত্রীকে, যিনি এরই মধ্যে নজরুলসংগীতের চর্চায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ২০০৯ সালে নজরুলসংগীত সাধনার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নবীন ও প্রতিশ্রুতিশীল নজরুল পদক। এখন ছায়ানটে ক্লাসিক্যাল ও নজরুলসংগীতের ওপর শিক্ষকতা করছেন তিনি। এ ছাড়া তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্থাপত্য বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও নিয়োজিত আছেন।বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত এই শিল্পীর ভক্তিগীতের ওপর প্রথম অ্যালবাম ঠাঁই যেন পাই চরণে বাজারে আসে ২০০৪ সালে। নিজের সাফল্য ও সংগীত নিয়ে স্বপ্নের কথা জানতে চাইলে বিজন মিস্ত্রী বলেন, ‘শেখার শেষ নেই। এখনো শিখছি। নজরুলসংগীতে আমার একটি একক অ্যালবাম বের করার পরিকল্পনা রয়েছে।’‘আমার দৃষ্টিতে শি ইজ দ্য বেস্ট আর্টিস্ট। তাঁর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। প্রিয়াংকার মধ্যে নিষ্ঠা ও শেখার প্রচণ্ড আগ্রহ আছে। আমি মনে করি, আগামী এক বছরে এই শিল্পীর সমকক্ষ কেউ থাকবে না।’ শুদ্ধ সংগীতশিল্পী প্রিয়াংকা গোপ সম্পর্কে এমনই উচ্ছ্বাস শোনা গেল সংগীতজ্ঞ আসাফ উদ দৌলার মুখে।এরই মধ্যে সব ধরনের শ্রোতার নজরে আসা প্রিয়াংকা গোপ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে স্নাতক ও স্নাতক সম্মান শেষ করেছেন। অথচ মা-বাবা চেয়েছিলেন তাঁদের মেয়েটি নাচ শিখুক। তা-ই হলো। কিন্তু যাঁর ভেতর গানের তাল-লয়-সুর, তাঁকে তো সংগীতই টানবে।নজরুল, রবীন্দ্রসহ সব ধরনের গানেই পারদর্শী প্রিয়াংকা এখন ছায়ানটে উচ্চাঙ্গসংগীতের শিক্ষক। সম্প্রতি খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে যোগ দিয়েছেন। স্বীকৃতি হিসেবে পেয়েছেন বেশ কিছু পদক। ভারতের বড় প্রতিযোগিতা ‘ডোভারলেন মিউজিক কনফারেন্স’-এ শাস্ত্রীয় সংগীতে প্রথম এবং খেয়ালে দ্বিতীয় স্থান দখল করেন এই শিল্পী।