নদী ও মানুষের জীবন উপাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের ভেতরে ছোট্ট একটি নৌকা। তাতে পাটসহ নানা জলজ উদ্ভিদ। সঙ্গে রাখা প্রবহমান নদীর কয়েকটি স্থিরচিত্র। পাশেই একজন বাউল। মগ্ন হয়ে দোতারায় সুর তুলছেন। ঘরভর্তি মানুষের আনাগোনা। কিন্তু বাউলের মনোযোগ ওই দোতারাতেই। নদী আর নৌকা যেন তাঁকে আবিষ্ট করেছে মন্ত্রের মতো।ধানমন্ডির দৃক গ্যালারিতে গতকাল সোমবার ‘নদী ও জীবন’ নামের আলোকচিত্র প্রদর্শনীর শুরুর দৃশ্যটা ছিল এমন। গ্যালারির দুটি কক্ষের দেয়ালজুড়ে আলোকচিত্রী কবির হোসেনের তোলা ৪৪টি আলোকচিত্র দৃষ্টিনন্দন। তাতে উঠে এসেছে নদীমাতৃক আমাদের দেশের নিসর্গ মানুষের জীবনযাত্রার নানা অনুষঙ্গ। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার এম এস কিলমেনি বেকারিং ভিনকারস ও প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে কবির হোসেনের তোলা নির্বাচিত ৬৫টি ছবি নিয়ে প্রকাশিত অ্যালবাম রিভার অ্যান্ড লাইফ-এরও মোড়ক উন্মোচন করা হয়।বক্তারা নদীকে বিষয় করে আয়োজিত প্রদর্শনীর প্রশংসা করে বলেন, নদী-নালা খাল-বিল প্রতিনিয়ত ঋদ্ধ করছে আমাদের জীবন। যার সঙ্গে জড়িয়ে আছে আমাদের শ্বাস-প্রশ্বাস। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের কারণে হুমকির মুখে থাকা এ দেশের নদীগুলো রক্ষায় এই ছবিগুলো সচেতনতা তৈরি করতে পারে। আমন্ত্রিত অতিথির পাশাপাশি অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবির হোসেনের শিক্ষক জ্যেষ্ঠ আলোকচিত্রী চঞ্চল মাহমুদ।প্রদর্শনী কক্ষের দরজায় রাখা প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে শুরু হয় প্রদর্শনী। দর্শকের উপস্থিতিতে ভরে ওঠে কক্ষটি। রঙিন আলোকচিত্রগুলোতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নদীর দৃশ্য, কৃষি, নদীতীরকে ঘিরে থাকা মানুষের নানা কর্মকাণ্ড ফুটে উঠেছে। ছবিগুলোর প্রতি দর্শকদের মধ্যে ছিল দারুণ আগ্রহ। গোপীবাগ থেকে আসা রিশাদ ফয়সল বলেন, ‘সারা দেশের নদী ও নদীর পাশের জীবন সম্পর্কে ধারণা পেলাম এখানে এসে। সে কারণে বিশেষভাবে ভালো লেগেছে এ প্রদর্শনী।’ প্রদর্শনী শেষ হবে ১৭ জুলাই। আবদুল্লাহ আল-মামুনের জন্মবার্ষিকীনাটকের মানুষ আবদুল্লাহ আল-মামুনের জন্মদিন ছিল গতকাল ১২ জুলাই। বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৬৮ বছর। তিনি নেই, তাঁর ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে আলোচনা সভার আয়োজন করেন প্রিয়জনেরা।থিয়েটার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবীর চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বজিৎ ঘোষ। নাট্যজন রামেন্দু মজুমদারের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন কেরামত মওলা, মুহম্মদ জাহাঙ্গীর, এস এম মহসীন, আরিফ হায়দার, সাইমন জাকারিয়া প্রমুখ।কবীর চৌধুরী প্রয়াত আবদুল্লাহ আল-মামুনকে ‘টোটাল থিয়েটার পারসোনালিটি’ আখ্যায়িত করে বলেন, তিনি আমাদের বৃহৎ পরিবারের সদস্য ছিলেন। জাতি হিসেবে যে কটি জায়গাতে আমরা পিছিয়ে আছি, মামুন তার সবগুলোতে বিচরণ করেছেন।রামেন্দু মজুমদার বলেন, আবদুল্লাহ আল-মামুন নিজের কর্ম এবং শ্রমের মাধ্যমে নিজেকে ব্যক্তির ঊর্ধ্বে তুলে ধরে একটি প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হয়েছেন। তাঁর নাটকের সহজ-সাবলীল উপস্থাপনা আর চরিত্রের ভাষা আমাদের সামাজিক ও রাজনৈতিক ত্রুটিগুলোকে চিহ্নিত করার পাশাপাশি দিকনির্দেশনা দেয়।