নদীবিষয়ক চিত্রকলা প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের আঁকা নদীবিষয়ক চিত্রকলা প্রদর্শনীতে ছবি দেখেন দর্শকেরা  প্রথম আলো
শিশুদের আঁকা নদীবিষয়ক চিত্রকলা প্রদর্শনীতে ছবি দেখেন দর্শকেরা প্রথম আলো

রঙিন চশমা পরা বিদেশি বড় মাছকে স্বাগত জানাচ্ছে তিনটা ছোট মাছ। শিশুতোষ ভাষায় লেখা ‘সুরমা নদীতে সকালে বেড়াতে এসো’। শিক্ষার্থীদের আঁকা শিল্পকর্ম এটি। গতকাল বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে এইচএসবিসি ও ব্রিটিশ কাউন্সিল আয়োজিত তিন দিনব্যাপী নদীবিষয়ক শিশুদের চিত্রকলা প্রদর্শনীতে দেখা যায় এমন অনেক শিল্পকর্ম।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিশুরা নিজ নিজ দেশের নির্বাচিত একটি নদীকে কেন্দ্র করে চমৎকার সব ছবি এঁকেছে। বাংলাদেশের সিলেটের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রদর্শনীতে অংশ নেয়। সিলেটের সুরমা নদীকে নানাভাবে চিত্রায়িত করছে শিশুরা। যুক্তরাজ্যের টেমস নদীর পরিবেশ নিয়ে ছবি এঁকেছে যুক্তরাজ্যের শিশুরা।
রবীন্দ্রসরোবরে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, পৃথিবীর সব দেশের শিশুদের কাছেই নদী খুবই আকর্ষণীয় একটি বিষয়। আর বাংলাদেশ তো নদীমাতৃক দেশ। বহু নদ-নদী বয়ে গেয়ে আমাদের দেশের ওপর দিয়ে। দেশের পরিবেশ ভালো রাখতে হলে নদীর অবস্থাও ভালো রাখতে হবে। শিশুদের মনে নদীর প্রতি ভালোবাসা জাগাতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন সিএমজি বলেন, বিশ্বব্যাপী সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করতে পেরে গর্বিত ব্রিটিশ কাউন্সিল।
এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এন্ড্রু টিল্ক বলেন, নদী ও পানিসম্পদকে রক্ষায় তরুণদের উৎসাহিত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি রবিন ডেভিস ও কার্টুনিস্ট আহসান হাবিব। প্রদর্শনীতে মোট ৪০টি ছবি প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশের শিশুদের নিয়ে নদীবিষয়ক এই ছবি আঁকার তত্ত্বাবধান করেন শিল্পী সৈয়দ রাশেদ ইমাম ও তামান্না তাসমিম। পরামর্শক ছিলেন বিশিষ্ট কার্টুনিস্ট আহসান হাবিব। প্রদর্শনী চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত।
নির্ভার জগৎ
বেঙ্গল গ্যালারিতে কাল শনিবার থেকে শুরু হচ্ছে রোমপ্রবাসী শিল্পী এ রহমানের ‘নির্ভার জগৎ’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী।
বিকেল সাড়ে পাঁচটায় দুই সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ। প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

শিল্পীর আত্মপ্রতিকৃতি
শিল্পীর আত্মপ্রতিকৃতি

প্রতিকৃতির প্রদর্শনী
‘সুলতানগঞ্জের মানুষ ও আমি’ নামের শিল্পী রহমতুল্লাহ বিলাশের প্রথম একক প্রদর্শনী আজ শুক্রবার শুরু হচ্ছে বুলবুল ললিতকলা একাডেমির ওয়াইজঘাট শাখায়। তরুণ শিল্পী বিলাশ এই প্রতিষ্ঠানের অঙ্কন ও চিত্রণ বিভাগের চূড়ান্ত পর্বের শিক্ষার্থী। তাঁর বাড়ি কামরাঙ্গীর চরের সুলতানগঞ্জে। সেখানকার শিশু থেকে বৃদ্ধ নানা বয়সী মানুষের মুখাবয়ব তিনি এঁকেছেন কাগজ-পেনসিলে। এটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।