নদীর নামে পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেকং নদীর অতলে আছে ড্রাগন। সেই ড্রাগন থাকে লোকচক্ষুর আড়ালে। কিন্তু বিশেষ একটি দিনে এটি উঠে আসে। যদি তখন কেউ তাকে দেখতে পায়, তাহলে তার জীবনই যায় বদলে। সে ফিরে পায় হারানো যৌবন, দেখা পায় ঐশ্বর্যের। আরও কত-কী! থাইল্যান্ডের সবাই জানে, তাদের মেকং নদী নিয়ে তৈরি এই কিংবদন্তির কথা।রক্ত ভস্ম নদী নাটকের রূপকারেরা কিন্তু এটুকুতেই থেমে থাকেননি। তাঁরা এই কিংবন্তির ওপর নির্ভর করে নির্মাণ করেছেন নতুন কিংবদন্তি। সেটা কী রকম? ভেবে নেওয়া হলো এক রাজাকে। নাগের দেখা পেতে হবে—এই পণ রাজার। নদীপথ ধরে রাজা এগোবেন, খুঁজে পাবেন নদীর উৎস, দেখা হবে নাগের সঙ্গে। একসময় রাজার সঙ্গে দেখা হলো নাগের। কিন্তু নাগ রাজাকে গ্রহণ করল না। কেন গ্রহণ করল না? কারণ, রাজার সঙ্গে একজন লিঙ্গভ্রষ্ট মানুষ ছিল। বন্ধ্যা মানুষ নদীকে বন্ধ্যা করে দেবে। নাগ তা মেনে নেবে না। এখানে নাগ হয়ে উঠল ইতিবাচক চরিত্র। রাজা হয়ে গেলেন বোকা।অনেক কিছুই বলা হলো, কিন্তু কারা এই নাটকের কুশীলব, আসলে কী ঘটছে এই নাটকে, তা নিয়ে তো কিছুই বলা হলো না! হংকংয়ের পিপলস থিয়েটার ফেস্টিভ্যাল সোসাইটির কাছ থেকেই এসেছিল ভাবনাটা। সেই ভাবনাকে কাজে পরিণত করার দায়িত্ব নেন উগান্ডা, থাইল্যান্ড, হংকং, ফ্রান্স আর বাংলাদেশের কয়েকজন নাট্যকর্মী। শুরুতেই ভাবা হলো, তাঁদের সবার জীবনের সঙ্গেই ওতপ্রোতভাবে কী জড়িত আছে ? একবাক্যে সবাই বললেন, নদী। নদী আর নদীকে ঘিরে যে কিংবদন্তি, তা-ই হলো নাটকের বিষয়। নাটকটি লেখার ভার পেলেন আমাদের দেশেরই নাট্যজন শহীদুল মামুন। নির্দেশকও আমাদের—ফয়েজ জহির। অভিনয় করলেন ফ্রান্সের (সেইন নদী) ম্যাক্সিম সেশো, থাইল্যান্ডের (মেকং নদী) প্রিচাইউট সেজান, উগান্ডার (নীল নদ) রোজারস উইলিয়াম উমপাটা, হংকংয়ের (পার্ল নদী) চুং জি কি আর লাই উইং সি আর বাংলাদেশের (গঙ্গা) ফয়েজ জহির।এখানে নাটকের কুশীলবদের নামের পাশে নদীর নাম দেওয়ার ক্ষেত্রে নদীর উৎসমুখকে বিবেচনা করা হয়েছে। তাই বাংলাদেশের ফয়েজ জহিরের নামের পাশে ‘গঙ্গা’ নদীর নামটি বসেছে সাবলীলভাবে।বিশ্বের পাঁচটি দেশের ১০ জন নাট্যকর্মী মিলে রক্ত ভস্ম নদী নামে একটি নাটক নির্মাণ করেছেন। এশিয়ান পিপলস থিয়েটার ফেস্টিভ্যাল সোসাইটির প্রযোজনায় ২৫ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে নাটকটি। বাংলাদেশসহ মোট পাঁচটি দেশের নাট্যরীতি সমন্বিত করে এ নাটকের পাণ্ডুলিপি তৈরি করেছেন শহীদুল মামুন। পাঁচটি দেশের পুরাণ, কৃত্য, লোকাচার, বিশ্বাস, এমনকি রাষ্ট্রের সঙ্গে লোকজীবনের যে দ্বান্দ্বিক সম্পর্ক—সবকিছু উঠে এসেছে এই নাটকে।সেদিন বিকেলে শিল্পকলা একাডেমীর মাঠে জম্পেশ আড্ডায় মেতে উঠেছেন বিভিন্ন দেশ থেকে আসা রক্ত ভস্ম নদী নাটকের শিল্পী ও কলাকুশলীরা। গল্পের বিষয় আমাদের দেশের বুড়িগঙ্গা নদী। কিন্তু গল্প কি আর বুড়িগঙ্গাতেই থেমে থাকে? একে একে ওঠে গ্রিক পুরাণের ফিনিক্স পাখির গল্প।এর মধ্যে গল্পে জুটে গেলেন শহীদুল মামুন। তাঁকে প্রশ্ন করি, নাটকের নাম রক্ত ভস্ম নদী কেন?‘নদী মানুষের রক্তের মতো। আর ছাই থেকেই নতুন জীবনের জন্ম হয়। একটা সুন্দর ভবিষ্যতের ইঙ্গিত নিয়ে এই নাটকের গল্প এগিয়েছে। নদীবন্দনার গান দিয়ে নাটকের শুরু।’‘কেবল নদী দিয়েই দেশগুলোকে কেমন যেন একই সুতোয় গেঁথে ফেলা হয়েছে নাটকের গল্পে। কেননা, নদীকে কেন্দ্র করেই দেশগুলোয় গড়ে উঠেছে বহু সংগ্রাম ও বিপ্লবের ঐতিহ্য। নদীকেন্দ্রিক সভ্যতার উত্থান ও বিকাশ এবং ঔপনিবেশিক আধিপত্যবাদেরও অদ্ভুত মিল রয়েছে দেশগুলোর সঙ্গে।’ বলেন নাট্যকর্মী এরিক। তিনি এই প্রযোজনাটির সমন্বয়ক।চলতে থাকে আড্ডা কিন্তু নির্দেশক বেশ চুপচাপ। পাঁচটি দেশের অভিনয় ও প্রয়োগরীতি সমন্বিত করে নাটকটির নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। নাটকটিতে যে যাঁর ভাষায় কথা বলেছেন। নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, নদীর জীবনপ্রবাহের সঙ্গে মানবজীবনের সম্পর্ক গভীর।দেশ-মহাদেশভেদে প্রত্যেক অংশগ্রহণকারীর মানসগঠন, আচার-আচরণ, সংস্কৃতি ও নাট্যসৃজনে প্রয়োগরীতি ভিন্নতায় ঐক্যসূত্র নির্মাণ সহজসাধ্য নয়। রক্ত ভস্ম নদী নির্মাণে যে দ্বান্দ্বিক পটভূমি থাকে, তাতেও এটি সহজসাধ্য নয়। নাটকটির অভিনয় ও প্রয়োগে তা স্পষ্ট।প্রায় দেড় মাসের মহড়া শেষে হংকংয়ে নাটকটির প্রথম প্রদর্শনী হয়েছে ৩ মে। এ ছাড়া নাটকটির প্রদর্শনী হয়েছে থাইল্যান্ডের চিয়াং দাও, ব্যাংকক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। চট্টগ্রামের টিআইসিতে নাটকটির আরেকটি প্রদর্শনী হওয়ার কথা ২৯ মে সন্ধ্যা সাতটায়।