নদীর মতোই ছবির বাঁক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালদা ছবির দৃশ্যে মোশাররফ করিম ও তিশা
হালদা ছবির দৃশ্যে মোশাররফ করিম ও তিশা

অন্ধকার। তার মধ্যে ছুটে যাচ্ছে একজন। একটু পর চোখে পড়ল নদীতে হাঁটুসমান কাঁদায় দেবে যাচ্ছে লোকটির পা। আলো-আঁধারির ভেতরে আমরা দেখছি, ছুটছে সে। বর্শায় গেঁথে ফেলছে একটি মাছ। এই দৃশ্য হালদা সিনেমায় ঘুরেফিরে আসে। বিভিন্ন পটভূমিকায় বারবার দেখা যায় তাকে।

মনু মিয়া চরিত্রের ফজলুর রহমান বাবু সেই যে ছবির শুরুতেই হালদা নদীর গভীর কাদার ভেতর প্রবল শক্তিতে বিদ্ধ করলেন মাছ, দৃশ্যটি ফিরে এল হাসুরূপী তিশার বাসরশয্যায়ও। নাদের চৌধুরী চরিত্রের জাহিদ হাসান যখন বিপুল সম্পত্তির বড়াই দেখিয়ে দ্বিতীয় স্ত্রী হিসেবে তিশাকে বিয়ে করেন, আমরা দেখি তিশা বা হাসুর স্বপ্নে ফিরে আসছে হালদার বর্শাবিদ্ধ মাছ।

গোটা ছবির নানান বাস্তবতায় পরিচালক কেন এই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটালেন? উত্তরটি এভাবে দেওয়া যায়: এই দৃশ্যের মধ্যেই নিহিত আছে তৌকীর আহমেদ পরিচালিত হালদা সিনেমার সারকথা—আধিপত্যবাদী সমাজে বড় মাছ সব সময় গিলে খায় ছোট মাছকে। সিনেমার কাহিনি এই ছোট-বড় মাছের খেলা নিয়ে। এতক্ষণ যে দৃশ্যের কথা বলা হলো, বলার অপেক্ষা রাখে না, সেটি প্রতীকী। এই প্রতীকী দৃশ্যের বর্ণনা মারফত ছবি সম্পর্কে বলাই তো হয়ে গেল। আর কী কথা তবে!

কিন্তু কথা আছে। সেই কথার লেজে লেজ জোড়া দিয়ে চলচ্চিত্রটি এখন বিভিন্ন মাত্রায় বিশ্লেষণ করা যেতে পারে। এর পটভূমি গ্রামীণ। হালদা নদী তীরবর্তী মানুষের দুঃখ-সুখ নিয়ে কাহিনি। ফলে স্বভাবতই আছে উচ্চবিত্ত ও নিম্নবিত্তের দুই বর্গ এবং যার যার অবস্থান থেকে মানুষ হিসেবে নিজেকে তুলে ধরার প্রয়াস। উচ্চবিত্তের শোষণে নিষ্পেষিত নিম্নবিত্তের লড়াইও এখানে পাওয়া যায়, কিন্তু সেটি খুব জোরালো নয়, প্রত্যক্ষও নয়।

যা বলা হলো, কথাগুলোর পেছনের যুক্তি খুঁজে পেতে আসুন ছবিটির দিকে আবার ফিরে তাকাই। হালদাপারের দরিদ্র মাছচাষি মনু মিয়া। তার মেয়ে হাসু। হাসুর সঙ্গে প্রেম খালাতো ভাই বদিউজ্জামালের (মোশাররফ করিম)। মহাজন নাদের চৌধুরীর ধার শোধ করতে না পেরে তার চাওয়া অনুযায়ী মহাজনের সঙ্গে হাসুর বিয়ে দেয় মনু। আর হাসুকে মহাজনের বিয়ে করার কারণ, সন্তান উৎপাদন। যেহেতু তার প্রথম স্ত্রী জুঁই সন্তান জন্ম দিতে ব্যর্থ।

এসব বাস্তবতা মেনে এগোতে থাকে কাহিনি। আর আমরা দেখি, ফর্মুলা চলচ্চিত্রের মতো এখানে নায়ক-নায়িকা ও প্রতিনায়ক আছে বটে, তবে তাদের আচরণ খুব নায়কোচিত বা প্রতিনায়কোচিত নয়; বরং সাধারণ মানুষের মতো। মানুষ যেমন ভালো-মন্দ, সাদা-কালোয় মিলেমিশে একাকার, হালদার চরিত্রগুলোও তাই। যেমন সন্তান জন্ম দিতে অক্ষম নাদের যখন জানতে পারে হাসু গর্ভবতী, তার মনে প্রশ্ন জাগে, সন্তান কি তারই? ঘটনার জের ধরে হাসুকে প্রবলভাবে পেটায় সে। কিন্তু এরপরও হাসুর সঙ্গেই চায় সংসার করতে। কিন্তু হাসু কী চায়? কাহিনি ফাঁস করা অনুচিত হবে। পুরোটা জানতে তাই হলে যাওয়াই বাঞ্ছনীয়।

একপর্যায়ে নায়ক বদিউজ্জামালকে পাকড়াও করে নাদেরবাহিনী। নাদেরের সাঙাতরা তাকে নিয়ে আসে ইটভাটায়। তারপর ইটভাটার আগুনের সামনে দাঁড়িয়ে বদিউজ্জামাল যা করে, তা কোনোভাবেই তথাকথিত নায়কসুলভ অসম্ভব তেলেসমাতি আর ‘ঢিসুম ঢিসুম’ নয়। তাই নায়ককে দেখে দর্শকেরও সিটি বাজানোর অবকাশ মেলে কম। তারপরও প্রথম থেকে শেষ অব্দি সিনেমাটি রুদ্ধশ্বাসে দেখতে থাকেন দর্শক। কারণ বিনোদনমূলক কাহিনিচিত্রের সবকিছু—গল্প, গান, নাটকীয়তা, সু-অভিনয় এবং প্রতিটি চরিত্রের পরিণতি—এখানে সবই আছে।

আছে দুইয়ে দুইয়ে চার মেলানো ব্যাপার-স্যাপারও। আবার কোনো কোনো ক্ষেত্রে অঙ্কের হিসাব মেলেও না। উদাহরণ হিসেবে বলা যায়, নায়িকা চরিত্রের হাসু প্রথাগতভাবে ছকবন্দী নয়। সম্ভবত এই সিনেমার সবচেয়ে বৈচিত্র্যময় চরিত্রের নাম হাসু।

চরিত্রটিতে তিশা একেবারে মাতিয়ে দিয়েছেন। তিশার যে কত রূপ, কত বাঁক, সেটি বুঝতেও অনায়াসে দেখা যেতে পারে ছবিটি। বিশেষত, শাশুড়ি সুরত বানুর (দিলারা জামান) সঙ্গে তার একটি দৃশ্য—যেখানে হারিয়ে যাওয়া সুরত বানু নাম উচ্চারণ করে শাশুড়িকে তার আত্মপরিচয় ফিরিয়ে দেয় তিশা—দৃশ্যটি দারুণভাবে মর্ম নাড়িয়ে দিয়ে যায়।

নড়ে উঠি জাহিদ হাসান, রুনা খান, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, শাহেদ আলীদের অভিনয়েও। কেন না, দেখতে দেখতে মনে হয়, অভিনয় কেউই করছেন না, এ যেন তাঁদের জীবনেরই বাস্তবতা। মোশাররফ করিম অভিনীত বদিউজ্জামাল চরিত্রটিতে বৈচিত্র্য তেমন নেই, চরিত্রের গঠনটিই খানিকটা ফ্ল্যাট ধরনের। তবে ‘ফ্ল্যাট ক্যারেক্টার’-এ মোশাররফের অভিনয় দেখতে হলে খেয়াল করতে হবে তাঁর নীরব অভিব্যক্তিগুলো। ভীষণ সুন্দর তাঁর সুনসান অভিব্যক্তি। কিন্তু অভিনেতার নাম মোশাররফ বলেই মনে এ প্রশ্নও উঁকি দিচ্ছে, চরিত্রটিতে তিনি কি নিজেকে আরেকটু খুলতে পারতেন না?

হালদার একটি বিষয় বিশেষভাবে মনে রাখার মতো। গল্পের বিন্যাসের কারণে ছবিতে মেলোড্রামা বা অতিনাটকীয়তা করার সুযোগ ছিল। ছিল অতিনাটকীয় অভিনয়ের বিস্তর সুযোগও। কিন্তু ‘সহজ সুযোগ’টি নিলেন না পরিচালক ও অভিনয়শিল্পীরা। তাঁরা হাঁটলেন কঠিনের পথে। ফলে চরিত্র নির্মাণ, দৃশ্যায়ন ও চরিত্রাভিনয় —সব ক্ষেত্রে ‘লাউড’ ঘরানার বিপরীতে সবাই চললেন নিচু, অনেকটা ‘ডাউন টু আর্থ’ ভঙ্গিতে। এতে লাভ যা হলো, বাস্তবের চেয়েও বাস্তব হয়ে উঠল গোটা ছবি।

এই সিনেমা উপস্থাপনার দিকে নজর দিলে প্রথমে এক বাক্যে যে কথাটি মনে আসে, ‘গ্রামীণ বাংলাদেশের আধুনিক ও শহুরে উপস্থাপনা।’ গান ও সিনেমাটোগ্রাফির দিকে তাকালেই এর মাজেজা স্পষ্ট হবে। ছবির প্রেক্ষাপট গ্রামীণ হলেও গানের কম্পোজিশনে লোকসুর নয়, প্রাধান্য পেয়েছে আধুনিক, শহুরে টিউন। দৃশ্যায়নের ক্ষেত্রেও শহরের মানুষ গ্রামবাংলার যে ‘বিউটি’ দেখতে চান (ল্যান্ডস্কেপ ও লং শটগুলো মনে করুন), দেখানোর চেষ্টা চলেছে তেমনভাবে। লো লাইটের কাজগুলো অসাধারণ।

 ‘সব ভালো’র ভিড়ে খানিকটা গড়বড় লাগিয়ে দিয়েছে ভাষা। ছবিতে ব্যবহৃত হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। কিন্তু ‘সাধারণের বোঝার স্বার্থে’ ভাষাটি ব্যবহার করা হয়েছে একটু ঢিলেঢালা পন্থায়। যে কারণে জাহিদ সিরাজগঞ্জের টানে, মোশাররফ বরিশালের টানে, রুনা টাঙ্গাইলের টানে চাটগাঁয়ের ভাষায় কথা বলেছেন। ভাষার সমন্বয় আরও বেশি হলে আরেকটু মন জুড়াত। আর কবিগানের দৃশ্যটি কেমন যেন আলগা আলগা মনে হলো। একটি প্রায়-নিখুঁত-মনোরম ছবি—নদীর মতো অনেক বাঁক আছে যে ছবির—তার দু-এক জায়গায় এমন আলগা আলগা কেন লাগল, কারণটি না জানা পর্যন্ত শান্তি পাচ্ছি না।