নদ্দিউ নতিম কিংবা মতিন উদ্দিন

নাটক তো বিনোদন! বিনোদন মানে হাসি-আনন্দ! তাই নাকি? তবে যে নাটক হাসি তৈরি করে না, শেষ পর্যন্ত তীব্র এক বেদনাবোধের জন্ম দেয়, আর তা–ই অনিচ্ছায় বহন করে ফিরতে হয় বাড়ি। সেই নাটক কি বিনোদনের শর্ত পূরণ করল? যাক সে কথা। বলছি ম্যাড থেটারের প্রথম প্রযোজনা নদ্দিউ নতিম নাটকের কথা। ৩০ অক্টোবর সন্ধ্যায় ঢুকলাম জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে। ক্ষুদ্র আনুষ্ঠানিকতা শেষে নাটকের শুরু।
হুমায়ূন আহমেদের কে কথা কয় উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয়ও করেছেন। মঞ্চে সাদা প্যান্ট আর আকাশি রঙের শার্ট পরা আসাদের সূচনা অংশের অভিনয় দেখে মনে মনে হতাশার জন্ম হবে যখন-তখন। কেমন করে যেন মোড় ঘুরে যায়। অজান্তেই লক্ষ করি নাটকটি আমাকে গ্রেপ্তার করে নিয়েছে। কাল্পনিক উজবেক কবি নদ্দিউ নতিম আর মানসিক প্রতিবন্ধী কমল চরিত্রে মেঘদূত ক্রমে ভেতরে সেঁধিয়ে যেতে থাকে। টানা দুই ঘণ্টা ধরে চলে অবিরাম চিন্তা আর প্রতীক্ষার খেলা। মুনা চরিত্রে সুবর্ণাও উতরে গেছেন। তবে তাঁর কণ্ঠের প্রজেকশন আরও একটু বাড়ানো প্রয়োজন বলে মনে হয়েছে। পোশাক পরিবর্তনের সঙ্গে সময় পরিবর্তনকে মিলিয়ে দেওয়া কিংবা কিছু অংশ হেঁটেই ভিন্ন ভিন্ন স্থানের নির্দেশ আমাদের কল্পনাপ্রবণতাকে উসকে দিয়েছে। দর্শকের প্রতি নির্দেশকের এই আস্থা ব্যর্থ হয়নি। দীর্ঘায়তনের উপন্যাসটিকে নাট্যরূপ দেওয়ার ক্ষেত্রেও আসাদুলের দক্ষতা উল্লেখ করার মতো। কেননা, পুরো উপন্যাসটিকে মঞ্চে মেলে না ধরলেও বোঝাপড়ার ক্ষেত্রে মনে আসেনি কোনো ঘাটতি।
পৃথিবীতে যুগে যুগে সত্য প্রতিষ্ঠায় আত্মত্যাগ করেছে মানুষ। সক্রেটিস, গ্যালিলিও থেকে শুরু করে ধর্মসম্প্রদায়ের যিশু পর্যন্ত প্রত্যেকেই মানুষের সামগ্রিক মুক্তির জন্যই নিজেদের প্রাণ দিয়েছেন বিসর্জন। নাট্যের শেষাংশে নদ্দিউ নতিম শিশু কমলের কাছে সত্য রক্ষার জন্য চারতলা ভবন থেকে নিচে ঝাঁপ দেন। হাসপাতালের দৃশ্যে জীবনমৃত্যুর দোলাচলে যিশুর ক্রুশবিদ্ধ ভঙ্গিকে গ্রহণ করে নির্দেশক সৃষ্টি করেছেন বিষয়টির একটি সর্বজনীন রূপ। আর এর মধ্য দিয়ে কবি হতে চাওয়া সাধারণ মতিন উদ্দিন নিজেকে যিনি উল্টো করে উজবেক কবি নদ্দিউ নতিম বলে দাবি করেন, এক অনন্য উচ্চতায় আরোহণ করেন, তিনি নিজেকে প্রকৃত অর্থেই দাঁড় করান মহানদের সারিতে।
নাটকটি দেখার সময় আশপাশে খানিক উসখুস ছিল বটে। সেটা প্রলম্বিত দীর্ঘায়তনের নাটক দেখার অনভ্যস্ততাজনিত কারণ হতে পারে। অবশ্য কিছু কিছু অংশ ছেঁটে নাটকটির আয়তন খানিক কমানোর সুযোগ রয়েছে। এলি গোল্ডিংয়ের ‘লাভ মি লাইক ইউ ডু’ শীর্ষক বেহালার মিউজিকসহ অপরাপর মিউজিক নিয়ে আর একটু ভাবনাচিন্তা প্রযোজনাটির মান বাড়াবে। আলোক গ্রহণের বিষয়টিও অভিনয়শিল্পীদের খানিক সচেতনতা দাবি করে। তবে এসবই পরিবর্তনযোগ্য কিংবা বলা যেতে পারে সুসংহত করে নেওয়ার সুযোগ রয়েই যায় শেষ পর্যন্ত। আর বাদবাকি সব? ছোট্ট করে বলি, ‘বাহ্’!
নাটকটি প্রসঙ্গে আসাদুল ইসলাম তাঁর ফেসবুক পৃষ্ঠায় লিখেছেন, ‘নাটকে একজন কাল্পনিক উজবেক কবি ও একজন মানসিক প্রতিবন্ধী শিশুর মনোজাগতিক বিশ্লেষণ দেওয়া হয়েছে। নাটকে বেশির ভাগ সময় তারা নিজে নিজে কথা বলে। নিজের সঙ্গে নিজে কথা বলা, এটা জটিল একটা ক্রিয়া। এটা অভিনয়ে ফুটিয়ে তোলা দুরূহ। নাটক সাধারণত হয় কথোপকথনের মধ্য দিয়ে, রস থাকে-আনন্দ থাকে, হাসি-কান্না থাকে। নদ্দিউ নতিমে দীর্ঘ দীর্ঘ স্বগতোক্তি, বর্ণনা, বিরামহীন, বর্ণহীন, বিষাদ। বিবর্ণতা, কে পছন্দ করে! নাটকের পাণ্ডুলিপি হিসেবে নির্দেশকের কাছে এটি ভয়ংকর লাগে। এটিকে মঞ্চে আনার চিন্তা কেউ বিপদে না পড়লে করবে বলে মনে হয় না।’
আমি বলি, হয়তো বিপদেই পড়েছিলেন। তবে বিপদ থেকে উদ্ধারে যে সামর্থ্যের পরিচয় আসাদুল দিয়েছেন তা অসামান্য। কবি, নাট্যকার, অনুবাদক, অভিনয়শিল্পী—এসব অভিধার সঙ্গে এখন নির্দেশক নামক এক নয়া পালক যুক্ত হলো তাঁর শিরে। আর সেই যে শুরুতে বলেছিলাম, এই নাটক বিনোদন কীভাবে, সেটা আসলে ক্যাথারসিসের মধ্য দিয়ে। আমাদের ভেতরে থাকা ক্লেদজকুসুমগুলোকে দূর ঠেলে দেওয়ার মধ্যেই এর মহিমা। ‘নদ্দিউ নতিম’ ঠিক এ কারণেই সফল।