নন্দন মঞ্চে বসন্ত বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার বসন্ত বন্দনায় সমবেত সংগীত পরিবেশন করছেন শিল্পীরা। ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার বসন্ত বন্দনায় সমবেত সংগীত পরিবেশন করছেন শিল্পীরা। ছবি: প্রথম আলো

নগরীতে বইছে বসন্ত বিদায়ে সুর। মাত্র ৫ দিন পরেই বিদায় নিচ্ছে চৈত্র সংক্রান্তি। বসন্তকে বিদায় জানাতে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখা আয়োজন করেছিল আজ বসন্ত বন্দনা ‘খোল, দ্বার খোল’।

আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে নেচে গেয়ে ঋতুরাজ বন্দনা করেন শিল্পীরা। গেয়ে ওঠেন ‘ওরে গৃহবাসী খোল্, দ্বার খোল্ লাগল যে দোল’, ‘বিশ্ববীণা রবে’, ‘বসন্তে বসন্তে তোমার’, ‘আজ কি তাহার বারতা’, ‘ওরে বকুল পারুল’, ‘ফাগুনের নবীন আনন্দে’, ‘রং লাগালে বনে বনে’, ‘সব দিবি কে’ এবং ‘আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়’ গানগুলো। একক কণ্ঠে গানগুলো করেন শারদ প্রতীতি, আশরাফুজ্জামান পিনু, এ এস এম জাকারিয়া, শ্রেয়া ঘোষ, আবদুল ওয়াদুদ, সাঈদা হোসেন, আজিজুর রহমান, অনিরুদ্ধ সেনগুপ্ত ও বুলবুল ইসলাম। রবীন্দ্র রচনা থেকে পাঠ করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

নৃত্যে বসন্ত বন্দনা
নৃত্যে বসন্ত বন্দনা

পুরো আয়োজনের সংগীত পরিচালনা করেন আবদুল ওয়াদুদ ও নৃত্য পরিচালনা করেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কৃষ্টি হেফাজ।