শিল্পকলা একাডেমীর নন্দন মঞ্চে তখন সন্ধ্যা নেমেছে। চারপাশের সাউন্ড বক্সে আবৃত্তির গমগমে ধ্বনি। অতিথিরা সবাই তখনো আসেননি। গতকাল সন্ধ্যায় শুরু হলো দুই দিনব্যাপী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একদল শিল্পীর সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হলো এই অনুষ্ঠান। উপস্থিত অতিথিদের পরিয়ে দেওয়া হলো উত্তরীয়।
আলোচনায় অংশ নেন নাট্যজন রামেন্দু মজুমদার, শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীন হোসেনের সন্তান তৌহীদ রেজা নূর, বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী আর প্রধান অতিথি সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস।
সভাপতি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। তাঁর বক্তব্যের পরই বেজে ওঠে বাঁশি। আলো যায় নিবে, দর্শকদের হাতে হাতে জ্বলে ওঠে মোমবাতি। বেজে ওঠে ‘মরণ সাগর পারে’ গানটি। ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ’ গানটি সমবেত কণ্ঠে শোনায় বহ্নিশিখা, ঢাকা সাংস্কৃতিক দল ‘তোমার আমার ঠিকানা’, ‘বাঁশি’র প্রশিক্ষণার্থীরা শোনান ‘জয় বাংলা বলিয়া’ গানটি। একক কণ্ঠে রিংকু শোনান ‘বাউল মন’, আলম দেওয়ান করেন ‘গ্রামের নওজোয়ান’, আইরিন পারভীন শোনান ‘নদীর মাঝি বলে’ গানটি।