নন্দিনী নাদিয়া
মেয়েটির ওপর শ্বশুরবাড়ির লোকজন নানাভাবে শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আইনের হাত থেকে বাঁচতে মেয়েটিকে সঙ্গে নিয়ে দেশের বাইরে চলে যায় শাশুড়ি। সেখানে চিকিৎসা করানো হয়। প্লাস্টিক সার্জারির মাধ্যমে তাকে দেওয়া হয় নতুন চেহারা। কিন্তু তখনো মেয়েটির মা-বাবা জানতে পারে না এই দুর্ঘটনার কথা। যখন জানতে পারে, তত দিনে পেরিয়ে গেছে অনেকটা সময়। দেশে ফিরে এসেছে তাদের মেয়ে অন্য চেহারা নিয়ে। এটি একটি ধারাবাহিকের গল্প। নাম নন্দিনী।শুরুতে নাটকটির নামভূমিকায় অভিনয় করেন মৌসুমী বিশ্বাস। হঠাৎ তিনি পাকাপাকিভাবে কানাডায় স্বামীর কাছে চলে যান।এবার নন্দিনী চরিত্রটির জন্য নতুন একজন নায়িকা প্রয়োজন। আর তাঁকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এভাবেই একটি গল্প সাজানো হয়। সপ্তাহ খানেক আগে এটিএন বাংলায় প্রচারিত ধারাবাহিকটির একটি পর্বে এভাবেই নতুন নন্দিনী হয়ে এলেন নাদিয়া। নাদিয়া কিন্তু নাচের মেয়ে। তখনো স্কুলে যাওয়া-আসা শুরু হয়নি। ওই বয়সেই বিটিভিতে ঈদে প্রচারিত শিশুমেলা অনুষ্ঠানে নাচ করেছিলেন তিনি। সেই থেকে শুরু।নাদিয়ার ভাষায়, ‘ওই সময় আমি শিশু একাডেমীতে নাচ শেখা শুরু করেছিলাম। এরপর অবশ্য বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচের ওপর সাত বছরের ডিপ্লোমা কোর্স করেছি। এ ছাড়া রাহিজা খানম ঝুনু, হাবিবুল চৌধুরী, সোহেল রহমান, শিবলী মহম্মদ, শামীম আরা নীপা, বেলায়েত হোসেন, দীপা খন্দকার ও শফিকুর রহমানের কাছে নাচ শিখেছি।’তাহলে নাটকে অভিনয়ের শুরুটা হয়েছিল কবে?নাদিয়া বলেন, ‘১৯৯০ সালে আমি বিটিভির নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অভিনয়ে তৃতীয় হয়েছিলাম। তখন বিটিভির বারো রকম মানুষ ধারাবাহিক নাটকে অভিনয়ের সুযোগ পাই। ওখানে আমার চরিত্রটির নাম ছিল “বৈচি”। আর নাটকে অভিনয় ওখানেই শুরু, আবার তখনকার মতো ওখানেই শেষ। আমি ছিলাম ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী। তাই পড়াশোনার যথেষ্ট চাপ ছিল। এ কারণে তখন শুধু নাচ নিয়েই থাকতে হলো।’হ্যাঁ, এরপর প্রায় নয় বছরের বিরতি। এসএসসি পরীক্ষার পর আবার ধারাবাহিকে অভিনয়ের সুযোগ আসে। এবার মোহন খানের দূরের মানুষ। এখানে আফসানা মিমির মেয়ের চরিত্রে অভিনয় করেন নাদিয়া।নাচ আর অভিনয় একসঙ্গেই চলতে শুরু করে। নাচের পাশাপাশি অভিনয়ে একটু একটু করে ব্যস্ত হতে থাকেন নাদিয়া। কিন্তু সময়ের বেশির ভাগটা রাখেন নাচের জন্য।দেড় বছর আগে লিখন ও নাদিয়া মিলে একটি নাচের স্কুল গড়েন। রামপুরায় এই স্কুলের নাম ‘নৃত্যকথা’। প্রায় নয় বছর ধরে লিখন ও নাদিয়া জুটি হয়ে নাচ করছেন। এই জুটি কীভাবে গড়ে উঠল?‘কোনো পরিকল্পনা করে তা হয়নি। ওই সময় বিভিন্ন অনুষ্ঠানে আয়োজকেরা আমাদের দুজনকেই আমন্ত্রণ জানাত। আমরাও দুজন একসঙ্গে কোনো একটা নাচ তৈরি করতাম। এভাবেই একসময় আমরা জুটি হিসেবে পরিচিত হয়ে যাই।’ বললেন নাদিয়া। এরই মধ্যে সাইদুল আনাম টুটুল, অরুণ চৌধুরী, ফেরদৌস হাসান, মইনুল আহসান সাবের, তাহের শিপন, রেজানুর রহমানসহ আরও অনেক নির্মাতার একাধিক বড় ধারাবাহিকে অভিনয় করেছেন নাদিয়া।বছর দুয়েক আগে মডেল ও অভিনয়শিল্পী মনির খান শিমুলের সঙ্গে বিয়ে হয় তাঁর। শিমুলের বড় ভাই আর নাদিয়ার মামা একসঙ্গে অনেক বছর ধরে জার্মানিতে আছেন। সেই সূত্রেই শিমুল ও নাদিয়ার পরিচয়। তবে তাঁদের সম্পর্কটা অন্যদিকে মোড় নেয় বেলাল আহমেদের রচি মম ফাল্গুনে নাটকে কাজ করতে গিয়ে। বছর তিন-চারেক প্রেম করার পর পারিবারিকভাবেই তাঁদের বিয়ে হয়।পড়াশোনার ব্যাপারে নাদিয়া জানালেন, বিবিএ শেষ করেছেন। এআইইউবিতে এমবিএ কোর্স শুরু করেছেন।নন্দিনী ছাড়াও এখন বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত প্রচারিত হচ্ছে নাদিয়া অভিনীত ধারাবাহিক শিয়াল পণ্ডিত, প্রজাপতি মন, আলোকিত আঙ্গিনা ও নি-কামালের বায়োস্কোপ। আরও কয়েকটিতে এখন কাজ করছেন তিনি। সামনেই এগুলোর প্রচার শুরু হবে।নাটকে অভিনয়ের ব্যাপারে নাদিয়া বললেন, ‘আমি নাচটা শিখে এসেছি। কিন্তু অভিনয়ের ওপর কোনো প্রশিক্ষণ নিতে পারিনি। তাই প্রতিটি নাটক থেকেই অল্প অল্প করে শিখছি। এভাবেই নিজেকে সমৃদ্ধ করার একটা চেষ্টা আমার অব্যাহত আছে।’এ বছর পঁচিশে বৈশাখ উপলক্ষে এটিএন বাংলায় রবীন্দ্রনাথের তিন কন্যা নৃত্যনাট্যে অভিনয় করেন নাদিয়া। জানালেন, এই নৃত্যনাট্যে তিনি চণ্ডালিকা, শ্যামা ও চিত্রাঙ্গদার চরিত্রে অভিনয় করেছেন। এর আগে আলাদা করে রবীন্দ্রনাথের শ্যামা ও চণ্ডালিকা নৃত্যনাট্যে অভিনয় করেছিলেন তিনি। একটি দেখানো হয়েছিল এটিএন বাংলায়, অন্যটি বাংলাভিশনে। সম্প্রতি কাজী নজরুল ইসলামের কবিতা অবলম্বনে তিনি মঞ্চে এনেছেন নৃত্যনাট্য রক্তলাল অহংকার।এখন নাচ আর নাটকের পরের সময়টুকু রাখেন নিজের সংসার আর শিমুলের জন্য। শনিবার সন্ধ্যায় নাদিয়ার সঙ্গে আড্ডা হচ্ছিল ধানমন্ডিতে তাঁর বাবার বাসায়। নাদিয়া জানালেন, কিছুক্ষণ পর শিমুল এসে তাঁকে নিয়ে যাবেন বনশ্রীতে শাশুড়ির বাসায়। সেখান থেকে রাতে ইন্দিরা রোডে নিজেদের বাসায় যাবেন।