নবকুমারের রিকশাচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবকুমার ভদ্রের রিকশাচিত্র প্রদর্শনীর একটি শিল্পকর্ম
নবকুমার ভদ্রের রিকশাচিত্র প্রদর্শনীর একটি শিল্পকর্ম

এই শীত সময়ে শহরের ব্যস্ত জীবনের ফাঁকে কিছুটা অবসর বের করে ঘুরে আসা যেতে পারে ছবির জগতে। হতে পারে সপ্তাহের কোনো ছুটির দিন অথবা কোনো এক ব্যস্ত দিনকেই জানানো যায় ছুটি। চলে আসা যায় রাজধানীর গ্যালারিগুলোতে। দিনটি কাটানো যেতে পারে ছবির সঙ্গে।

এ রকম একটি দিনে ঘুরে আসতে পারেন রাজধানীর ধানমন্ডিতে ইমকে সেন্টারে। প্রবেশমুখেই চোখে পড়বে রিকশার পেছনের টিনের পাতে আঁকা সিনেমার পোস্টার। একটি শিল্পকর্মে আঁকা দুটি ময়ূর, মাঝে লেখা ‘মায়ের দোয়া’। টিনের পাতে আঁকা এই শিল্পকর্মগুলো ঝুলছে সাদা বোর্ডে। আরও রয়েছে মাটির পাত্রে রিকশা পেইটিং। নিচে রাখা ছোট ছোট রিকশা।

নবকুমার ভদ্রের রিকশাচিত্র প্রদর্শনী ‘তারুণ্য’ ১৫ ডিসেম্বর শুরু হয়েছে এখানে। প্রদর্শনী দেখা যাবে প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত। শুক্রবার বন্ধ।

সিনেমার ব্যানার আঁকার মাধ্যমে আর্ট জীবন শুরু নবকুমার ভদ্রের। দীক্ষা নেন ওস্তাদ সিতেশ সুরের কাছে। বিভিন্ন রঙের খেলায় রিকশা পেইটিংয়ের মাধ্যমে শিল্পকর্ম করেন তিনি। নবকুমার ভদ্র বলেন, বর্তমান তরুণদের আর্টের ক্ষেত্রে রিকশা পেইন্টিং নিয়ে সচেতন করা প্রয়োজন। সে কারণেই প্রদর্শনীর শিরোনাম দেওয়া হয়েছে ‘তারুণ্য’।

হরেক ইমেজ নিয়ে ‘নিপাতন’

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের কলাকেন্দ্রে শুরু হয়েছে শিল্পী মোস্তফা জামানের একক দৃশ্যশিল্প প্রদর্শনী ‘নিপাতন’। শিল্পীর মনোজাগতিক ভ্রমণ ও যাপিত জীবনের বিভিন্ন অভিজ্ঞতার প্রতিচ্ছবি এই প্রদর্শনী। আয়োজন করেছে কলাকেন্দ্র। আয়োজক ও প্রদর্শনীটির কিউরেটর শিল্পী ওয়াকিলুর রহমান বলেন, কলাকেন্দ্রে গতানুগতিকভাবে প্রদর্শনী করা হয় না। কলাকেন্দ্র সমসাময়িক শিল্পীদের কাজ পর্যবেক্ষণ করে। তারপর তাঁকে প্রদর্শনী করার জন্য আমন্ত্রণ জানানো হয়। এভাবেই শিল্পী মোস্তফা জামানকে প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রদর্শনীতে অবজেক্টিভ শিল্পকর্মের পাশাপাশি আছে ভিডিও শিল্প। কোনো শিল্পকর্মে যুক্ত করেছেন গন্ধের ব্যবহার। ওয়াকিলুর রহমান শিল্পকর্ম ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তাঁর শিল্পকর্মগুলোর মধ্যে প্রধান যে বিষয়টি লক্ষ করা গেছে তা হলো ইমেজের বিভিন্ন ব্যবহার। সেখানে শিল্পীর ব্যক্তিগত জীবন যে রকম বিভিন্ন ধাপে আছে, তেমনি যাপিত জীবনের সেই ছাপও শিল্পকর্মগুলোতে দেখা যায়। তবে এই শিল্পকর্মগুলোর সরাসরি অর্থ করাটা মুশকিল।

প্রদর্শনী চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত প্রদর্শনী দেখা যাবে।